সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে ভাই–বোনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় সাঁতার শিখতে গিয়ে আলিফ (৭) ও জিম (১১) নামে দুই ভাই–বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পাটগাতী ইউনিয়নের চর গওহরডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু বাগেরহাটের চিতলমারী উপজেলার কালিগঞ্জ গ্রামের মিলন মৃধার ছেলে–মেয়ে। জিম টুঙ্গিপাড়া উপজেলার চর গওহরডাঙ্গা গ্রামে তার মামা শফিকুল বিশ্বাসের বাড়িতে থেকে লেখাপড়া করত। আর আলিফ গতকাল সোমবার মামাবাড়িতে বেড়াতে এসেছিল।

জিম ও আলিফের মামা শফিকুল বিশ্বাস জানান, ভাগনি জিম তার বাড়িতে থেকে লেখাপড়া করত। ভাগনে আলিফ গতকাল তার বাড়িতে বেড়াতে আসে। আজ দুপুরে জিম তার ছোট ভাই আলিফকে সাঁতার শেখাতে বাড়ির পাশের ঘেরে নিয়ে যায়। সাঁতার শিখতে গিয়ে আলিফ পানিতে ডুবে যায়। জিম তাকে বাঁচাতে গেলে সে–ও ডুবে যায়। তখন ছোট একটি মেয়ে তাদের পানিতে ডুবতে দেখে বাড়িতে খবর দেয়। বাড়ির লোকজন দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। মৃত দুই ভাই–বোনকে চিতলমারীর কালিগঞ্জ গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হবে।