ঢাকা থেকে অপহৃত কলেজছাত্র গোলাম রাব্বীর (২১) লাশ গত মঙ্গলবার সন্ধ্যায় পাবনার সাঁথিয়া উপজেলার হুইখালী গড়ান বিল থেকে উদ্ধার করেছে পুলিশ। তিনি ঢাকার ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (আইএসপি) বিবিএ প্রথম বর্ষের ছাত্র ছিলেন। বাসা মিরপুরের কল্যাণপুরে। ১৯ নভেম্বর তাঁকে অপহরণ করা হয়।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীদ মাহমুদ জানান, বিলের মধ্যে অর্ধগলিত অবস্থায় লাশটি পড়ে ছিল। পুলিশ তা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। খবর পেয়ে গতকাল বুধবার সকালে ঢাকার মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ পারভেজ ও রাব্বীর বাবা আনোয়ার হোসেন পাবনায় এসে লাশটি শনাক্ত করেন। ময়নাতদন্ত শেষে লাশ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওসি শাহীদ মাহমুদ জানান, লাশটি ছিল অর্ধগলিত। তাই কীভাবে তাঁকে হত্যা করা হয়েছে তা বোঝা যায়নি। তবে অপহরণের দু-এক দিনের মধ্যেই তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন তাঁরা।
পাবনা জেনারেল হাসপাতালে রাব্বীর বাবা আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, ১৯ নভেম্বর সকালে রাব্বী বাড়ি থেকে কলেজের উদ্দেশে বের হন। এর পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরে বিভিন্ন নম্বর থেকে কল করে অপহরণকারীরা তাঁর কাছে
রাব্বীর মুক্তির জন্য ১০ লাখ টাকা দাবি করে। বিষয়টি তিনি মিরপুর মডেল থানার পুলিশকে জানিয়েছিলেন এবং ২০ নভেম্বর একটি মামলাও করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও মিরপুর মডেল থানার এসআই মাসুদ পারভেজ বলেন, ‘ঘটনার পর থেকেই আমরা মুঠোফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করার চেষ্টা করছিলাম। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই তারা রাব্বীকে হত্যা করেছে।’