সাঁথিয়ার পেঁয়াজচাষিদের বিঘায় লোকসান ২০ হাজার টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার সাঁথিয়ার করমজা হাটে মঙ্গলবার পেঁয়াজের চারা বিক্রি করতে দেখা যায়। হালি পদ্ধতিতে পেঁয়াজের আবাদ করতে এ ধরনের চারার উৎপাদন করতে হয়
ছবি: প্রথম আলো

দেশের অন্যতম পেঁয়াজ উৎপাদনকারী এলাকা পাবনার সাঁথিয়া উপজেলা। এখানে সপ্তাহ দুয়েক হলো মুড়িকাটা জাতের নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে। এবার এই পেঁয়াজ উৎপাদনের খরচ অন্যান্য বছরের তুলনায় বেড়েছে। ফলে কৃষকের উৎপাদিত পেঁয়াজ হাটে নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। কারণ, হাটে যে দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে, তাতে লাভ তো দূরের কথা, বিঘাপ্রতি কৃষককে লোকসান গুনতে হচ্ছে প্রায় ২০ হাজার টাকা।

স্থানীয় চাষি ও উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গত দুই বছরে পেঁয়াজের ভালো দাম দেখে এবার তাঁরা পেঁয়াজ চাষে আরও বেশি আগ্রহী হয়ে উঠেছিলেন। ফলে গতবারের চেয়ে এবার প্রায় এক হাজার হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ বেড়েছে। উপজেলায় দুই পদ্ধতিতে পেঁয়াজের আবাদ হয়ে থাকে। একটি হলো মুড়িকাটা বা মূলকাটা। অন্যটি হলো হালি পদ্ধতি। মুড়িকাটা পদ্ধতিতে পেঁয়াজের আবাদ শুরু হয় নভেম্বর-ডিসেম্বর মাসে ও হালি পদ্ধতিতে শুরু হয় জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে। সপ্তাহ দুয়েক হলো হাটে মুড়িকাটা পদ্ধতিতে আবাদ করা নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে।

চাষিরা বলছেন, শুরুতে প্রতি মণ মুড়িকাটা জাতের পেঁয়াজবীজ (কন্দ) কিনতে হয়েছে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকায়। কিন্তু পরে এই দাম বেড়ে দাঁড়িয়েছিল সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকায়। অথচ গত বছর চাষিরা আড়াই থেকে তিন হাজার টাকা মণ দরে পেঁয়াজবীজ কিনে জমিতে লাগিয়েছিলেন। এবার গতবারের তুলনায় কামলা খরচও বেড়েছে। গত বছর সাড়ে চার শ থেকে পাঁচ শ টাকা দৈনিক মজুরিতে কামলা পাওয়া গেলেও এবার ৬০০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। সব মিলিয়ে এবার পেঁয়াজের আবাদে উৎপাদন খরচ বেড়েছে।

সাঁথিয়ার মহিষাকোলা গ্রামের চাষি নূর ইসলাম বলেন, ‘দুই বিঘা জমিতে পেঁয়াজের আবাদ কইর‌্যা ৮০ মণ পেঁয়াজ পাইছি। ভালো ফলনে আশা করিছিল্যাম ভালো লাভ হবি। অথচ দুই বিঘায় পেঁয়াজ আবাদ কইর‌্যা আমার ৪০ হাজার টাকার মতো লস হতেছে। আজ ২০ মণ পেঁয়াজ হাটে আইন্যা মাত্র ৭৫০ টাকা মণ দরে বেচপ্যার পারল্যাম।’

চাষিরা জানালেন, এবার এক বিঘা জমিতে পেঁয়াজ আবাদের জন্য বীজ হিসেবে সাত থেকে আট মণ কন্দ পেঁয়াজ কিনতে হয়েছে। এর সঙ্গে সার, বিষ ও কামলা খরচ মিলিয়ে এক বিঘায় উৎপাদন খরচ পড়েছে ৫০ থেকে ৫৫ হাজার টাকা। প্রতি বিঘায় ফলন হয়েছে ৪০ থেকে ৪২ মণ। বাজারে এই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকা মণ দরে। তার মানে প্রতি বিঘা পেঁয়াজ আবাদ করে কৃষকের প্রায় ২০ হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে।

সাঁথিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার গোস্বামী বলেন, ‘আমাদের হিসাবে এবার মুড়িকাটা বা মূলকাটা পেঁয়াজের বিঘাপ্রতি নিট উৎপাদন খরচ হয়েছে ৩৩ থেকে ৩৪ হাজার টাকা। এর সঙ্গে কেউ জমি লিজ নিয়ে চাষ করলে তাঁর আরও ৮ থেকে ১০ হাজার টাকা বেশি পড়ার কথা। সব মিলিয়ে বর্তমান বাজারদরে কৃষক তেমন লাভের মুখ দেখছেন না।’

মঙ্গলবার সাঁথিয়ার করমজা হাটে গিয়ে দেখা যায়, প্রতি মণ পেঁয়াজ ৭০০ থেকে ৮৫০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজ ব্যবসায়ীরা কৃষকদের কাছে থেকে সেই পেঁয়াজ কিনে ট্রাক বোঝাই করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠাচ্ছেন। হাটের পেঁয়াজের আড়তদারেরা বললেন, আজ এই হাট থেকে প্রায় ৪০০ টন পেঁয়াজ ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গেছে।

হাটের সবচেয়ে বড় পেঁয়াজের আড়ত মুন্নাফ ট্রেডার্সের মালিক আবদুল মুন্নাফ বলেন, ‘কৃষকেরা হাটে নতুন পেঁয়াজ নিয়ে আসায় আমদানি প্রচুর। কিন্তু হাটে পেঁয়াজ এনে কৃষকেরা হা-হুতাশ করতেছে। বাইরের পেঁয়াজ আমদানি বন্ধ না করা হলি কৃষকেরা শেষ হয়া যাবি।’