সাংবাদিক পরিচয়ে ইয়াবা ব্যবসা করার অভিযোগে গ্রেপ্তার
বগুড়ার শাজাহানপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ের আড়ালে এক ব্যক্তির বিরুদ্ধে ইয়াবা ব্যবসায় জড়ানোর অভিযোগ উঠেছে। ক্রেতা সেজে কৌশলে কথিত ওই সাংবাদিককে গ্রেপ্তার করেছে শাজাহানপুর থানা-পুলিশ। এ সময় তাঁর দেহ তল্লাশি করে ১২০টি ইয়াবা উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার সাজাপুর পণ্ডিতপাড়া এলাকার একটি কলাবাগান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
কথিত ওই সাংবাদিকের নাম আনোয়ার হোসেন (৩৬)। তাঁর বাড়ি উপজেলার সাজাপুর পণ্ডিতপাড়া গ্রামে। তিনি নিজেকে শাজাহানপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং দৈনিক খোলা কাগজ ও দৈনিক মুক্তজমিন পত্রিকার সাংবাদিক পরিচয় দেন বলে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন দাবি করেছেন।
ওসি আবদুল্লাহ আল মামুনের দাবি, সাংবাদিক পরিচয় দিয়ে চলাফেরা করতেন আনোয়ার হোসেন। সাংবাদিকতার আড়ালে তিনি ইয়াবার ব্যবসা করতেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁকে ধরতে ক্রেতা সেজে ফাঁদ পাতা হয়। সেই ফাঁদে পা দেন আনোয়ার হোসেন। গতকাল রাত সাড়ে আটটার দিকে বাড়ির পাশের কলাবাগানে ক্রেতা সেজে তাঁর কাছ থেকে ইয়াবা কেনার কথা জানানো হয়। পুলিশ তাঁকে হাতেনাতে আটক করে। এ সময় তাঁর দেহ তল্লাশি করে কোমরে লুকিয়ে রাখা ১২০টি ইয়াবা উদ্ধার করে।
ওসি আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, আনোয়ার হোসেনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে আজ শনিবার তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।