সাংবাদিক প্রবেশে বিধিনিষেধ প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে করোনা ডেডিকেটেড হাসপাতালের ভেতরে সাংবাদিক প্রবেশে বিধিনিষেধ প্রত্যাহার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আজ বুধবার দুপুরে হাসপাতালের তত্ত্বাবধায়ক আরশ্বাদ উল্লাহর স্বাক্ষরিত চিঠিতে মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠিয়ে এ তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার এক চিঠিতে হাসপাতালের অভ্যন্তরে সাংবাদিক প্রবেশে বিধিনিষেধ জারি করা হয়।

বিধিনিষেধ প্রত্যাহারের চিঠিতে বলা হয়, মঙ্গলবার সংবাদকর্মীদের হাসপাতালে প্রবেশে বিধিনিষেধের বিষয়ে যে চিঠি দেওয়া হয়েছিল, সেখানে ভাষাগত ত্রুটি হয়েছে। এ জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ক্ষমাপ্রার্থী। অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।

একই সঙ্গে হাসপাতালের অভ্যন্তরে সাংবাদিকদের প্রবেশে বিধিনিষেধের চিঠিটি প্রত্যাহার করা হয়েছে। এর আগে সাংবাদিকেরা যেভাবে কাজ করেছেন, সেভাবেই করবেন। সব সেবা কার্যক্রমে সাংবাদিকেরা সব সময় যেভাবে সহযোগিতা করে আসছেন, তা অব্যাহত রাখতে অনুরোধ জানানো হয়।

এর আগে বিধিনিষেধের চিঠিতে বলা হয়, করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১০০ শয্যার কোভিড ডেডিকেটেড হাসপাতালের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সম্প্রতি রোগী বেড়ে যাওয়ায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পুরোটাই কোভিড ডেডিকেটেড করে রোগী ভর্তি ও চিকিৎসাসেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংক্রমণ রোধে বিভিন্ন ওয়ার্ড, বিভাগ, ফ্লোরসহ হাসপাতালের ভেতরে প্রবেশ সীমিত করা হয়েছে। এ অবস্থায় গণমাধ্যমকর্মীর নিজেদের ও কোভিড রোগীদের সুরক্ষার স্বার্থে হাসপাতালের ভেতরে প্রবেশ করা থেকে বিরত থাকতে বিশেষভাবে অনুরোধ করা হলো।

এ নিয়ে বুধবার প্রথম আলোর অনলাইনে ‘মানিকগঞ্জে কোভিড হাসপাতালে সাংবাদিকদের প্রবেশে বিধিনিষেধ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর হাসপাতালের ভেতরে সাংবাদিক প্রবেশে বিধিনিষেধ প্রত্যাহার করে নেয় কর্তৃপক্ষ।

হাসপাতালের তত্ত্বাবধায়ক আরশ্বাদ উল্লাহ বলেন, ‘আগে পাঠানো চিঠিতে ভাষাগত ত্রুটি ছিল। অনাকাঙ্ক্ষিত এই ভুলের জন্য দুঃখ প্রকাশ করছি। চিঠিটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।’