সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে বরগুনায় মানববন্ধন
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদে এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে বরগুনায় মানববন্ধন হয়েছে। বরগুনা সাংবাদিক ইউনিয়ন ও বরগুনা রিপোর্টার্স ইউনিটি আজ বুধবার সকাল ১০টায় দিকে বরগুনা সাংবাদিক ইউনিয়ন চত্বরে এ কর্মসূচির আয়োজন করে।
বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মজিবুল হক সভাপতিত্ব করেন। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম আজীমের সঞ্চালনায় বক্তব্য দেন বরগুনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুল আলম, সাংবাদিক শফিকুল ইসলাম, ইমরান হোসেন, তরিকুল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন সাংবাদিক জুলহাস, আবু হাসান, মিরাজ খান, রাসেল, মাসুম বিল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক রোজিনা ইসলামের সঙ্গে যে ঘটনা ঘটানো হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। স্বাস্থ্য বিভাগের শত শত কোটি টাকার দুর্নীতি ও অনিয়ম নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করার কারণেই মিথ্যা অভিযোগ তুলে তাঁকে হেনস্তা করা হয়েছে।
বরগুনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুল আলম বলেন, সাংবাদিকদের গলা চেপে ধরে কখনো কলম থামানো যাবে না।
বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মজিবুল হক বলেন, রোজিনা ইসলাম অনুসন্ধানী সাংবাদিকতার দৃষ্টান্ত। তাঁর নামে করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। তদন্ত সাপেক্ষে স্বাস্থ্য খাতের দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তি দিতে হবে।
এদিকে প্রতিনিধি, পাথরঘাটা, বরগুনা জানান আজ সকালে উপজেলা শহরে বিক্ষোভ মিছিল করেন সাংবাদিকরা। এর আগে শহরের শেখ রাসেল স্কয়ারে প্রখর রোদ উপেক্ষা করে মানববন্ধনে অংশ নেন সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ ফারুক সভাপতিত্ব করেন। বক্তব্য দেন সাংবাদিক মির্জা শহিদুল ইসলাম, গোলাম মোস্তফা চৌধুরী, জাফর ইকবাল, আমিন সোহেল, জাকির হোসেন খান, শফিক খোকন, আমল তালুকদার প্রমুখ।