‘সাংবাদিক রোজিনাকে অন্যায়ভাবে আটকে রেখে হেনস্তা করা হয়েছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে নওগাঁ জেলা প্রেসক্লাব কার্যালয়ের সামনে নওগাঁ বন্ধুসভা ও নওগাঁ জেলা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়
ছবি: প্রথম আলো

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের মুক্তির দাবি জানিয়েছেন নওগাঁর সাংবাদিক ও সুধীসমাজ। রোজিনার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও তাঁকে হেনস্তাকারীদের উপযুক্ত বিচারেরও দাবি জানানো হয়।

আজ বুধবার দুপুরে নওগাঁ জেলা প্রেসক্লাব কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়েছে। এ কর্মসূচির আয়োজন করে নওগাঁ জেলা প্রেসক্লাব ও নওগাঁ বন্ধুসভা।

কর্মসূচিতে অংশ নিয়ে বক্তৃতা করেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন, সাংবাদিক নবির উদ্দিন, কায়েস উদ্দিন, শফিকুল ইসলাম, রায়হান আলম, আসাদুর রহমান, প্রথম আলো নওগাঁ বন্ধুসভার উপদেষ্টা ডি এম আবদুল বারী, সিপিটি নওগাঁ জেলা শাখার সভাপতি মহসিন রেজা, বাসদ নওগাঁ জেলা শাখার সমন্বয়ক জয়নাল আবেদীন প্রমুখ।

বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক রোজিনাকে অন্যায়ভাবে আটকে রেখে ঘণ্টার পর ঘণ্টা হেনস্তা করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। এতে দেশে ও আন্তর্জাতিকভাবে সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে। যাঁরা এ ঘটনার সঙ্গে জড়িত, তাঁদের বিচার করতে হবে। সেই সঙ্গে সাংবাদিক রোজিনাকে দ্রুত মুক্তি দিতে হবে।

একই দাবিতে মান্দা উপজেলা ফেরিঘাটে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। সেখানে মান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন বাংলাদেশ শিক্ষক সমিতি মান্দা উপজেলা শাখার সভাপতি গোলাম সরওয়ার, সাংবাদিক জিল্লুর রহমান, পলাশ বর্মণ, রেজাউল ইসলাম, তোফাজ্জল হোসেন, সিরাজুল ইসলাম প্রমুখ।