সাংবাদিক রোজিনাকে হেনস্তার প্রতিবাদ ও দোষী ব্যক্তিদের বিচার দাবি

রাজশাহীতে সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তি ও হেনস্থাকারীদের বিচারের দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরের সাহেববাজার এলাকায় প্রেসক্লাবের সামনেপ্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি এবং তাঁকে হেনস্তা ও শারীরিক নির্যাতনে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি অব্যাহত রয়েছে। স্থানীয় প্রেসক্লাবসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক ও বিভিন্ন নাগরিক সংগঠনের এসব কর্মসূচিতে বক্তারা বলেন, রোজিনা ইসলাম একের পর এক লেখনীর মাধ্যমে রাষ্ট্রের কর্মচারীদের দুর্নীতি রুখতে সরকারকে সহায়তা করেছেন। এ জন্য তাঁকে পুরস্কৃত করা উচিত ছিল, তা না করে রাষ্ট্র জনগণের টাকায় বিজ্ঞাপন দিয়ে তাঁর বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে।

রাজশাহী

বৃহস্পতিবার সকাল ১০টায় রাজশাহী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। বেলা ১১টায় সাহেববাজার জিরো পয়েন্টে একই কর্মসূচি পালন করেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখার সাংবাদিকেরা।

কর্মসূচিতে বক্তারা বলেন, আজকে সাংবাদিক রোজিনার জামিন হবে এটা নিশ্চিত। রোজিনার বিরুদ্ধে যে মামলা হয়েছে তা প্রত্যাহার করে সংশ্লিষ্ট ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে সাংবাদিক বিরুদ্ধ, মতপ্রকাশের স্বাধীনতা বিরুদ্ধ সব আইন বাতিলেরও দাবি করা হয়েছে।

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় প্রথম কর্মসূচিতে বক্তব্য দেন বিশিষ্ট নাট্যকার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক মলয় ভৌমিক, জাতীয় প্রেসক্লাবের আজীবন সদস্য অ্যাডভোকেট নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ, সাংবাদিক আনিসুজ্জামানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক নেতারা।

রাজশাহীতে সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তির দাবিতে ফোটজার্নালিস্টদের মানববন্ধন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরের সাহেববাজার জিরোপয়েন্টে
প্রথম আলো

প্রেসক্লাবের সামনে মানববন্ধনে নাট্যকার মলয় ভৌমিক বলেন, ‘আমরা নিশ্চিত যে এই প্রতিবাদের প্রতীক রোজিনা আজকে সারা বিশ্বে প্রতিবাদের প্রতীকে পরিণত হয়েছেন। ইতিমধ্যে জাতিসংঘ থেকেও এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে।’ এই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, সাংবাদিকেরা অত্যন্ত দায়িত্বশীল হয়ে সাহসের সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে লিখতে থাকুক।

বেলা ১১টায় সাহেববাজার জিরো পয়েন্টে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখার আয়োজনে সংগঠনের সদস্য জাবিদ অপুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আসাদুজ্জামান আসাদ। এতে বক্তব্য দেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তানজিমুল হক, সাবেক সভাপতি আকবারুল হাসান মিল্লত, সাংবাদিক কাজী শাহেদ, সাংবাদিক কল্যাণ তহবিলের চেয়ারম্যান ও সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী, ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ, টেলিভিশন ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদি হাসান শ্যামল, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক আলম, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মো. কামরুজ্জামান, প্রথম আলো রাজশাহী নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ প্রমুখ।

রংপুর

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত রংপুর প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সুশাসনের জন্য নাগরিক (সুজন), জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম, বিকশিত নারী নেটওয়ার্ক, ইয়ুথ এন্ডিং হাঙ্গার যৌথভাবে বেলা ১১টায়, এরপর ১২টায় নিপীড়নের বিরুদ্ধে রংপুর এবং বেলা ১টায় টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন পৃথক পৃথক কর্মসূচি পালন করে।

সুজনের মানববন্ধন সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের মহানগর কমিটির সভাপতি অধ্যক্ষ ফখরুল আনাম। বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, আইনজীবী জোবায়দুল ইসলাম, নারী নেত্রী মঞ্জুশ্রী সাহা প্রমুখ।

রংপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট আ্যাসোসিয়েশনের মানববন্ধন। এতে বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশ নেন। বৃহস্পতিবার শহরের প্রেসক্লাব চত্বরে
প্রথম আলো

নিপীড়নের বিরুদ্ধে রংপুর সংগঠনের আয়োজনে কর্মসূচিতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের আহ্বায়ক পলাশ কান্তি নাগ। অন্যদের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক আবদুস সোবহান, সাংবাদিক আফতাব হোসেন প্রমুখ। টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে কর্মসূচিতে সভাপতিত্ব করেন শাহনেওয়াজ জনি। অন্যদের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক এহসানুল সুমন, রংপুর প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক রশীদ বাবু ও রফিক সরকার প্রমুখ।

বিভিন্ন সমাবেশ বক্তারা ঘটনার সঙ্গে জড়িত স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মচারীদের অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা জানিয়ে বক্তারা ঘটনার সঙ্গে জড়িত স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের শাস্তির দাবি জানান। তাঁরা বলেন, সাংবাদিক রোজিনা ইসলামের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের অসৌজন্যমূলক আচরণ নিন্দনীয় ও দুঃখজনক। মিথ্যা অভিযোগ দিয়ে রোজিনাকে পুলিশের কাছে হস্তান্তর এবং তাঁর বিরুদ্ধে মামলা করা আরও নিন্দনীয়।

নীলফামারী

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন সমাবেশ হয়। মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. নূরে আলম সিদ্দিক। বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আল-আমিন, মশিউর রহমান ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সারোয়ার মানিক, সাপ্তাহিক নীল চোখ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. মোস্তাফিজুর রহমান, দৈনিক নীলকথার সম্পাদক ও প্রকাশক মো. মাহবুবুল হক, মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. মঞ্জুরুল আলম, দেশ টিভির জেলা প্রতিনিধি আব্দুল বারী, সাংবাদিক তৈয়ব আলী সরকার প্রমুখ।

জয়পুরহাট

বৃহস্পতিবার বেলা ১১টায় জয়পুরহাট শহরের জিরো পয়েন্টে জয়পুরহাট গণমাধ্যমকর্মী সমাজের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন হয়। একই দাবিতে বাম গণতান্ত্রিক জোটও একই স্থানে মানববন্ধন করেছে। এর আগে গতকাল বুধবার জয়পুরহাট প্রেসক্লাব, জয়পুরহাট সাংবাদিক ইউনিয়ন, জয়পুরহাট সাংবাদিক ঐক্যে ফোরাম, জয়পুরহাট মডেল প্রেসক্লাবের ব্যানারে মানববন্ধন করা হয়। এসব মানববন্ধন থেকে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। জয়পুরহাট জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা মানববন্ধনে বক্তব্য দেন।

আরও পড়ুন

ঠাকুরগাঁও

আজ বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় ঠাকুরগাঁও প্রেসক্লাব কর্মসূচি পালন করে। ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে মানববন্ধনে সাংবাদিক কামরুল ইসলাম, সুজন ঠাকুরগাঁও জেলার সাধারণ সম্পাদক আবদুল লতিফ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক শাহিন ফেরদৌস, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, স্থানীয় অনলাইন সংবাদপত্র কান্তিকালের সম্পাদক মাহবুব হোসেন, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার প্রমুখ বক্তব্য দেন।

একই দিনে রানীশংকৈলের উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে উপজেলা প্রেসক্লাব। প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ ইয়াসিন আলী, রানীশংকৈল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উদীচী উপজেলা সংসদের সভাপতি রেজাউল করিম প্রমুখ বক্তব্য দেন।

কুড়িগ্রাম

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রৌমারী, চিলমারী, রাজারহাট, উলিপুর ও ফুলবাড়ীতে মানববন্ধন কর্মসূচিতে উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত রৌমারী প্রেসক্লাবের সামনে রৌমারী-ঢাকা মহাসড়কে মানববন্ধনে বক্তব্য দেন রৌমারী প্রেসক্লাবের সভাপতি সুজাউল ইসলাম সুজা, সাধারণ সম্পাদক জিতেন চন্দ্র দাস, সাংবাদিক এস এম হুমায়ুন কবির, এস এম মোমেন, ইয়াছির আরাফাত নাহিদ প্রমুখ। রাজারহাট উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি এস এ বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংবাদিক প্রহলাদ মণ্ডল ও বাংলাদেশ সাংবাদিক ফোরামের সভাপতি আনিছুর রহমান।

চিলমারীতে উপজেলার সামনে মানববন্ধনে বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম সাবু, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম বাবু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ফুলবাড়ীতে প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন, সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়া, ফুলবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বেলাল, উলিপুর প্রেসক্লাবের আহ্বায়ক আনিছুর রহমান মিয়াজী, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম।

এ ছাড়া ফুলবাড়ীর প্রেস সেন্টার আয়োজিত সমাবেশে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম, জাহাঙ্গীর আলম, উত্তম কুমার মোহন্ত, প্রতিনিধি জাকারিয়া শেখ, নুরনবী মিয়া, শিক্ষক, শিশু সাহিত্যিক, গীতিকার তৌহিদ উল ইসলাম প্রমুখ।

নাটোরের লালপুর উপজেলায় কর্মরত সব সাংবাদিকবৃদ্দের ব্যানারে মানববন্ধন। বৃহস্পতিবার সকালে উপজেলার ত্রিমোহনী মোড়ে
প্রথম আলো

নাটোর

বৃহস্পতিবার সকালে নাটোর প্রেসক্লাব চত্বরে জেলায় কর্মরত সকল গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নাটোরের দিঘাপতিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও সনাক সদস্য আবদুর রাজ্জাক বলেন, রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে তাঁকে নির্যাতনকারীদের শাস্তির ব্যবস্থা করুন। কারণ অস্ত্রের চেয়ে কলমের জোর অনেক বেশি। নয় তো সাংবাদিকেরা লেখনীর মাধ্যমে দায়ী ব্যক্তিদের অপকর্ম তুলে ধরে তাঁদের জনগণের আদালতে ওঠানোর ব্যবস্থা করবে।

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন জ্যেষ্ঠ আইনজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুখময় রায় বিপ্লু, সনাক নাটোরের সভাপতি ও নাটোর প্রেসক্লাবের সাবেক সভাপতি নরেন্দ্রনাথ রায়, আইনজীবী খগেন্দ্রনাথ রায়, ডিবিসি টেলিভিশনে নাটোর প্রতিনিধি পরিতোষ অধিকারী ও সাংবাদিক মুক্তার হোসেন।

এ ছাড়া লালপুর উপজেলায় কর্মরত সাংবাদিকেরা লালপুর ত্রিমোহিনী মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক শহিদুল ইসলাম, লালপুর কারিগরি মহিলা কলেজের অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি, ইত্তেফাকের লালপুর সংবাদদাতা প্রভাষক মোজাম্মেল হোসেন, সাংবাদিক এ কে আজাদ সেন্টু, মাজহারুল ইসলাম, সালাহ উদ্দিন, রায়হানুল ইসলাম প্রমুখ।

সৈয়দপুর, নীলফামারী

বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাবের সামনে সাংবাদিক সাব্বির আহমেদ সাবেরের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন সাপ্তাহিক চিকলীর প্রকাশক ও সম্পাদক আমিনুর রহমান সরকার। সমাবেশে বক্তব্য দেন সাংবাদিক এম আর আলম, মোতালেব হোসেন হক, এম আর মহসিন, এপিএন টিভির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার, সাংবাদিক শাহজাহান আলী সরকার, নুর মোহাম্মদ ওয়ালিউর রহমান রতন ও মো. আলমগীর হোসেন। উপস্থিত ছিলেন সাংবাদিক জসিম উদ্দিন, জহুরুল ইসলাম খোকন, শাহিদুল সরকার দুলাল, সাদিকুল ইসলাম, নাজমুল হুদা, মমিনুর আজাদ, আখতার মৃধা, নওশাদ আনসারী, এম কে মুন্না, জাবেদ আক্তার, মাইনুল হক, আকাসাদৌলা আকাশ, তাজু প্রমুখ।

বাগমারা, রাজশাহী

বৃহস্পতিবার সকালে তাহেরপুর হরিতলা চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি এস এম সামসুজ্জোহা মামুন। বক্তব্য দেন সাংবাদিক হুমায়ন কবির, আশরাফুল ইসলাম, রুস্তম আলী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক সমিত রায়, মিজানুর রহমান, মিনার রহমান, স্বাধীন, স্বপন হোসেন, রকি প্রমুখ।

গুরুদাসপুর, নাটোর

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গুরুদাসপুর থানার মোড়ে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন সাংবাদিক আতহার হোসেন আবুল কালাম আজাদ, দিল মোহাম্মদ, এম এম আলী আক্কাস, মো. মাজেম আলী, আনিসুর রহমান, রাশিদুল ইসলাম, মো. মিজানুর রহমান, মো. নাজমুল হাসান, মো. জালাল উদ্দিন, আখলাকুজ্জামান, মো. আবু হেনা মোস্তফা কামাল, আবদুস সালাম, এমদাদুল হক মোল্লা, মো. শরিফুল ইসলাম, মো. অহিদুল হক প্রমুখ।

রায়গঞ্জ, সিরাজগঞ্জ

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রায়গঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সভাপতি টি এম কামরুজ্জামান। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এম রফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন প্রেসক্লাবের সহসভাপতি এইচ এম মোনায়েম খান, সাবেক সভাপতি দীপক কুমার কর, সাংবাদিক ফজলুল হক খান, আশরাফ আলী, বেসরকারি উন্নয়ন সংস্থা নিজেরা করির অঞ্চল সমন্বয়ক আছাবুর রহমান, প্রথম আলো রায়গঞ্জ প্রতিনিধি সাজেদুল আলম প্রমুখ। সমাবেশে সংহতি প্রকাশ করেন রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুব্রত কুমার ঘোষ, সাধারণ সম্পাদক রুহুল আমিন, ধানগড়া ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সভাপতি শের আলী সরকার, রায়গঞ্জ উপজেলা সদর বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক সেলিম রেজা খন্দকার, প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভার সভাপতি আতিকুল ইসলাম প্রমুখ। কর্মসূচিতে উপজেলায় কর্মরত সাংবাদিক, বিভিন্ন সংগঠনের নেতারা, শিক্ষক-শিক্ষার্থী ও বন্ধুসভার সদস্যরা অংশ নেন।

দিনাজপুর

বৃহস্পতিবার দুপুর ১২টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে সাংবাদিক ইউনিয়ন ও টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক গোলাম নবী দুলাল, প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী, সাংবাদিক রতন সিং, শাহ আলম শাহী, তনুজা শারমিন, রফিকুল ইসলাম, আবুল কাসেম, রতন সিং, রাজিউল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার মধ্য দিয়ে সারা দেশের সাংবাদিক সমাজকে হেনস্তা করা হয়েছে। মিথ্যা–বানোয়াট চুরির মামলা দিয়ে সাংবাদিকদের গায়ে চোরের তকমা লাগানোর চেষ্টা চলছে। সরকার অসাধু দুর্নীতিবাজ কর্মকর্তা–কর্মচারীদের শাস্তির আওতায় না এনে উল্টো গণমাধ্যমকর্মীদের ওপরে চড়াও হচ্ছে। এ সময় সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তিসহ মামলা প্রত্যাহারের দাবি জানান তাঁরা। সেই সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের আহ্বান জানান।

সাংবাদিক রোজিনাকে মুক্তির দাবিতে দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন ও টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মানববন্ধন। বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের প্রেসক্লাবের সামনে
প্রথম আলো

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে দিনাজপুরের বিভিন্ন উপজেলায় প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন গণমাধ্যমকর্মীরা। বেলা ১১টায় হাকিমপুর উপজেলা প্রেসক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বক্তব্য প্রদান করেন প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফিজার রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংবাদিক আলতাফ হোসেন, শফিকুল ইসলাম, হালিম আল রাজি প্রমুখ। একই সময়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন বীরগঞ্জ উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের নেতারা। বীরগঞ্জ শহরের বিজয় চত্বর এলাকায় সমাবেশে বক্তব্য প্রদান করেন পরিষদের সভাপতি আবেদ আলী, বীরগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি নাজমুল ইসলাম মিলন, সাংবাদিক নজরুল ইসলাম, শাহিনুর রহমান, রতন ঘোষ, মাজেদুর রহমান, মোশাররফ হোসেন, তোফাজ্জল হোসেন, সিদ্দিক হোসেন, দশরথ রায় প্রমুখ।

বেলা সাড়ে ১১টায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিরামপুর উপজেলার গণমাধ্যমকর্মীরা। প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য প্রদান করেন প্রেসক্লাবের সভাপতি শাহীনুর আলম, সাধারণ সম্পাদক মশিহুর রহমান, সাংবাদিক আকরাম হোসেন, নুরুল হক, নজরুল ইসলাম, মাহবুর রহমান, ফরিদ হোসেন প্রমুখ।

এ ছাড়া খানসামা, চিরিরবন্দর, পার্বতীপুর উপজেলায় নানা কর্মসূচি পালিত হয়েছে।

ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ভোলাহাট প্রেসক্লাব ও সামাজিক সংগঠনের ব্যানারে ভোলাহাট প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালিত হয়। ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি গোলাম কবিরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ভোলাহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি তাজাম্মুল হক, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নূর মোহাম্মদ, অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, অনলাইন মহানন্দার সম্পাদক শাহীন আলম, ভোলাহাট প্রেসক্লাবের সদস্য রবিউল ইসলাম, শরীফুল ইসলাম, সুশাসনের জন্য নাগরিক (সুজন) ভোলাহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক বি এম রুবেল আহমেদ, বরেন্দ্র নিউজ অনলাইন পত্রিকার সম্পাদক জামিল হোসেন, ভোলাহাট সংবাদ–এর বার্তা সম্পাদক আলি হায়দার প্রমুখ।

বেড়া, পাবনা

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সাঁথিয়া প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা অংশ নেন। একপর্যায়ে এতে সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করেন। এ সময় প্রেসক্লাবের সভাপতি জয়নুল আবেদীন রানার সভাপতিত্বে ও সাংবাদিক উজ্জ্বল হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন সাঁথিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংবাদিক মানিক মিয়া রানা, রতন দাস, আব্দুদ দাইয়েন, আলী আহসান মঞ্জু, আসিফ ইকবাল রাসেল, আব্দুল হাই প্রমুখ।

বেলা ১১টায় বেড়া প্রেসক্লাবের সাংবাদিকেরা রোজিনা ইসলামকে গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে বেড়া প্রেসক্লাবে প্রতিবাদ সভার আয়োজন করেন। এর আগে বুধবার দুপুরে বেড়া প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বেড়া প্রেসক্লাবের সভাপতি শফিউল আযমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সাংবাদিক বসন্ত দাস, আব্দুল হান্নান, সাইদুর রহমান, ওয়াহিদুজ্জামান, রতন আচার্য্য, বরুন রায় প্রমুখ।

গাইবান্ধা

বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা শহরের গানাসাস মার্কেটের সামনে মানববন্ধন করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম জেলা শাখা। এতে বক্তব্য দেন ফোরামের জেলা শাখার সভাপতি খালেদ হোসেন, জাভেদ হোসেন, সাংবাদিক উজ্জ্বল চক্রবর্তী, কায়ছার প্লাবন, বিপ্লব ইসলাম, ফারহান শেখ, সিরাজুল ইসলাম, আশরাফুল ইসলাম প্রমুখ। একই সময়ে গোবিন্দগঞ্জ উপজেলা শহরের চৌমাথায় মানববন্ধন করে গোবিন্দগঞ্জ সাংবাদিক ও নাগরিক সমাজ। গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক এম এ মতিন মোল্লার সভাপতিত্বে বক্তব্য দেন গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোপাল মহন্ত, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রধান, গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরাম সভাপতি রফিকুল ইসলাম, গোবিন্দগঞ্জ সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ খান, সাধারণ সম্পাদক উজ্জ্বল হক প্রধান প্রমুখ। সকাল ১০টায় সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে সুন্দরগঞ্জ প্রেসক্লাব। বক্তব্য দেন সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, সহসভাপতি শামছুল হক, সহসাধারণ সম্পাদক এম এ মাসুদ, সহকারী সাংগঠনিক সম্পাদক মোকছেদ আল মামুন।

পঞ্চগড়

রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে আজ দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা শহরের বিজয় চত্বরে দেবীগঞ্জ প্রেসক্লাব ও দেবীগঞ্জ রিপোর্টার্স ক্লাবের মানববন্ধন।
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার দুপুরে দেবীগঞ্জ উপজেলা শহরের বিজয় চত্বরে দেবীগঞ্জ প্রেসক্লাব ও দেবীগঞ্জ রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। দেবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন কবিরের সভাপতিত্বে কর্মসূচিতে সাংবাদিক যাকারিয়া ইবনে ইউসুফ, দেবীগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি আবদুল কাইউম, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, দেবীগঞ্জ উপজেলা আইন সহায়তা কেন্দ্রের (আসক) সভাপতি লিটন প্রধান, দেবীগঞ্জ কবি ও সাহিত্য পরিষদের সভাপতি রহিদ শফিকি বক্তব্য দেন।

একই সময়ে আটোয়ারী উপজেলা পরিষদের সামনে আটোয়ারী-রুহিয়া সড়কে আটোয়ারী প্রেসক্লাব ও আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের যৌথ আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকার, সাধারণ সম্পাদক এ রায়হান চৌধুরী, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক জাহেরুল ইসলামসহ উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা বক্তব্য দেন।

বোদা উপজেলা শহরের বাসস্ট্যন্ড এলাকায় বোদা-ঠাকুরগাঁও মহাসড়কে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে বোদা উপজেলা প্রেসক্লাব। এতে বোদা উপজেলা প্রেসক্লাবের সভাপতি লিহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক রবিউল হাসান, যায়যায়দিনের বোদা উপজেলা প্রতিনিধি হকিকুল ইসলাম, দৈনিক লাখো কণ্ঠের বোদা উপজেলা প্রতিনিধি মজাহারুল ইসলাম, দৈনিক ইত্তেফাকের বোদা উপজেলা প্রতিনিধি আসাদুজ্জামান খোকন বক্তব্য দেন।

বগুড়া

রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, তাঁকে হেনস্থায় জড়িত কর্মকর্তাদের শাস্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বগুড়া জেলা শাখার উদ্যোগে মানববন্ধন। বৃহস্পতিবার বেলা ১২ টায় বগুড়া শহরের সাতমাথায়।
ছবি: সোয়েল রানা

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বেলা সাড়ে ১১টায় বগুড়া শহরের সাতমাথায় মানববন্ধন ও সমাবেশ করে। বাসদ বগুড়া জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম। বক্তব্য দেন বাসদ বগুড়া জেলা কমিটির সদস্যসচিব সাইফুজ্জামান টুটুল, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বগুড়া জেলা কমিটির সংগঠক রাধা রানী বর্মণ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বগুড়া জেলা সভাপতি ধনঞ্জয় বর্মণ প্রমুখ।

শহরের সাতমাথায় মানববন্ধন করে জাতীয় সাংবাদিক সংস্থা বগুড়া জেলা কমিটি। সংস্থার জেলা কমিটির সভাপতি মুহাম্মাদ আবু মুসার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি মীর্জা সেলিম রেজা, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ন ইসলাম, দৈনিক বগুড়ার বার্তা সম্পাদক বাদল চৌধুরী, বগুড়া ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মমিনুর রশীদ সাইন, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যুগ্ম সম্পাদক আবদুল ওয়াদুদ, প্রকৌশলী রোকন তালুকদার, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির নেতা রফিকুল ইসলাম, ফজলুল হক, শেরপুর উপজেলা কমিটির সভাপতি শফিকুল ইসলাম, সাইদুর রহমান প্রমুখ।

পীরগঞ্জ, ঠাকুরগাঁও

বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পূর্ব চৌরাস্তা বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মানববন্ধন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন উপজেলা সিপিবির সম্পাদক আইনজীবী আবু সায়েম, পীরগঞ্জ প্রেসক্লাবের সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি বিষ্ণুপদ রায়, উপজেলা বাংলাদেশ মানবাধিকার কমিশনের সম্পাদক এন কে রানা, উপজেলা উদীচীর সহসভাপতি দেলওয়ার হোসেন, জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা মোসারফ হোসেন, ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার প্রতিনিধি দীপেন রায়, বন্ধুসভার সাবেক সভাপতি হৃদয় অধিকারী, নওরোজ প্রতিনিধি ফজলুল কবীর, প্রথম আলো প্রতিনিধি কাজী নুরুল ইসলাম প্রমুখ। বক্তারা অবিলম্বে রোজিনা ইসলামকে মুক্তিদান ও দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।