সাংবাদিক রোজিনাকে হেনস্তার বিচার চেয়ে উত্তাল বরিশাল নগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা, নির্যাতন ও গ্রেপ্তারের প্রতিবাদে বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিক অ্যাসোসিয়েশন মানববন্ধন করে। বুধবার বেলা ১২টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে
ছবি: সাইয়ান

প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও নির্যাতনের বিচারের দাবিতে বরিশাল নগর বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। এতে সাংবাদিকদের সংগঠন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও নাগরিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, রোজিনা ইসলামকে প্রায় ছয় ঘণ্টা আটকে রেখে হেনস্তা করে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়ে দুর্নীতিবাজেরা এ দেশের স্বাধীন সাংবাদিকতাকে কফিনে পাঠাতে উদ্যত হয়েছে। কিন্তু আজ দেশের সব গণমাধ্যমকর্মী ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমেছেন। শাহবাগ থানায় স্বেচ্ছাগ্রেপ্তারের জন্য অনুসন্ধানী সাংবাদিকেরা আবেদন নিয়ে গেছেন। প্রয়োজনে সারা দেশের সাংবাদিকেরা গণগ্রেপ্তার হওয়ার কর্মসূচি দেবেন। গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতাকে রক্ষা করতে তাঁরা কাজ করে যাবেন।

সমাবেশে সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বপন খন্দকার, নাগরিক কমিটির জেলা সভাপতি অধ্যাপক শাহ সাজেদা, সাংবাদিকনেতা সুশান্ত ঘোষ, সাংবাদিক নজরুল বিশ্বাস, মিথুন দাস, এম জসীম উদ্দীন প্রমুখ বক্তব্য দেন।

সকাল সাড়ে ১০টায় বরিশাল প্রেসক্লাব আয়োজিত মানববন্ধনে বক্তারা রোজিনা ইসলামের মামলা প্রত্যাহার করে দ্রুত মুক্তির দাবি জানান। একই সঙ্গে রোজিনাকে হেনস্তার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি করেন। এ সময় বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন, সাংবাদিক পুলক চ্যাটার্জী, কাজী মিরাজ মাহমুদ, সংস্কৃতিজন সৈয়দ দুলাল, নজরুল ইসলাম প্রমুখ।

দুপুর ১২টায় একই স্থানে মানববন্ধন ও সমাবেশ করে বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিক অ্যাসোসিয়েশন। এর সদস্যরা সড়কে ক্যামেরা রেখে সমাবেশে অংশ নেন। তাঁরা অবিলম্বের রোজিনা ইসলামের মুক্তি দাবি ছাড়াও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি করেন। সেখানে বক্তব্য দেন ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চিফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আকতার ফারুক শাহিন, সাংবাদিক স্বপন খন্দকার প্রমুখ।

এ ছাড়া মেট্রোপলিটন প্রেসক্লাব, বাসদ ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) রোজিনা ইসলামের মুক্তির দাবিতে সমাবেশ ও বিক্ষোভ করে। এতে বক্তব্য দেন মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, বাসদ নেতা মনীষা চক্রবর্তী, জেলা জাসদের সভাপতি খন্দকার আবদুল হাই, সুজনের নগর সম্পাদক রফিকুল ইসলাম।