সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে জামালপুরে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবিতে মানববন্ধন। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে জামালপুর প্রেসক্লাবের সামনের সড়কে
ছবি: প্রথম আলো

সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক আখ্যায়িত করে অবিলম্বে তাঁকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন জামালপুরের সাংবাদিকেরা। গতকাল বুধবার জামালপুর প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

গতকাল বেলা ১১টার দিকে জামালপুর প্রেসক্লাবের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জামালপুর প্রেসক্লাবের সব কর্মকর্তা ও সর্বস্তরের গণমাধ্যমকর্মীরা। এ ছাড়া অংশ নেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জামালপুর জেলা শাখা, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি জামালপুর জেলা শাখা, নারী সাংবাদিক সংঘ (নাসাস) জামালপুর জেলা শাখা, উপজেলা পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমকর্মী, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা। এ ছাড়া প্রথম আলো জামালপুর বন্ধুসভার আয়োজনেও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচি থেকে প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে হেনস্তার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিও জানানো হয়।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা সদরুজ্জামান হেলাল (বীর প্রতীক), বিটিভির জেলা প্রতিনিধি মোস্তফা বাবুল, পল্লীকণ্ঠ প্রতিদিন পত্রিকার সম্পাদক নুরুল হক, চ্যানেল টোয়েন্টিফোর ও সমকালের জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন, জামালপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সময় টিভির জেলা প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম, নিউজ পোর্টাল বাংলারচিঠি ডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিম, আলোচিত জামালপুর পত্রিকার নির্বাহী সম্পাদক সাযযাদ আনসারী, কালেরকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মোস্তফা মনজু, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জেলা প্রতিনিধি মোখলেছুর রহমান, সচেতন কণ্ঠের সম্পাদক বজলুর রহমান, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি জামালপুর জেলা শাখা সাধারণ সম্পাদক শওকত জামান, বাংলাভিশনের জেলা প্রতিনিধি জুলফিকার মোহাম্মদ জাহিদ ও মানবকণ্ঠের জেলা প্রতিনিধি কাফি পারভেজ প্রমুখ।

বক্তারা বলেন, যেভাবে সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে হেনস্তা করা হয়েছে, তা মুক্ত গণমাধ্যম ও সাংবাদিকতার জন্য হুমকি। বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতা প্রতিষ্ঠা করতে হবে। তা না হলে, সাংবাদিকতার জায়গা কমে যাবে। দুর্নীতিবাজ আমলাদের চিহ্নিত করে, তাঁদের শাস্তির আওতায় আনতে হবে। রোজিনা ইসলামের মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।

এদিকে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে জামালপুর জেলা প্রেসক্লাবের আয়োজনে শহরের বকুলতলা এলাকায় রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। জেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক শোয়েব হোসেন, ডিবিসি নিউজের সাংবাদিক শুভ্র মেহদী, এস এ টিভির ফজলে এলাহী মাকাম, মানবাধিকার কমিশন জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উদীচী জামালপুর জেলা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল ও সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুর জেলা কমিটির সভাপতি অজয় কুমার পাল প্রমুখ।

এ ছাড়া বকশীগঞ্জ সাংবাদিক পরিষদ, দেওয়ানগঞ্জ প্রেসক্লাব এবং বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে পৃথক মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে।