সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন
পেশাগত দায়িত্ব পালনের সময় প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে নির্যাতনের বিচার ও তাঁর মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করা হয়েছে।
আজ বুধবার ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটি এ মানববন্ধন করে। এতে সংবাদকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে মানববন্ধনে নাগরিক কমিটির সভাপতি আবু তোরাব, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবদুল লতিফ, সংস্কৃতিকর্মী আজামত রানা, আবু মহিউদ্দীন, নুরুল হুদা স্বপন বক্তৃতা করেন।
বক্তারা বলেন, সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা নিয়ে বেশ কিছু প্রতিবেদন করেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ আমলাদের কুকীর্তি ঢাকতে রোজিনাকে হেনস্তা করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা দিয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। রোজিনার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে তাঁকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।