নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি মিজানুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছনা ও তাঁর মুঠোফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত যুবলীগ নেতা জাহিদ হোসেন ওরফে রকিসহ অভিযুক্তরা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন, রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। অথচ পুলিশ বলছে, তাঁদের খুঁজে পাওয়া যাচ্ছে না।
এ ঘটনার প্রতিবাদে ও অভিযুক্ত জাহিদ হোসেনসহ অন্যদের আইনের আওতায় আনার দাবিতে আজ রোববার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন জেলার সাংবাদিকেরা। নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক বখতিয়ার সিকদারের সভাপতিত্বে ও চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি অমৃত লাল ভৌমিকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তৃতা করেন প্রেসক্লাবের সাবেক সহসভাপতি শাহ এমরান মোহাম্মদ, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক ও জামাল হোসেন, সাংবাদিক নাসির উদ্দিন, মাসুদ পারভেজ, আকাশ মো. জসিম প্রমুখ।
মানববন্ধনে সাংবাদিকেরা বলেন, ১ জুন সাংবাদিক মিজানুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে এবং তাঁর মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়েছে। ওই দিন রাতেই মিজানুর রহমান থানায় বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জাহিদ হোসেন ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মশিউজ্জামান তুহিনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।
সাংবাদিকেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, থানায় করা লিখিত অভিযোগটি পুলিশ এখন পর্যন্ত মামলা হিসেবে রুজু করেনি। পুলিশ বলছে, অভিযুক্তদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে পুলিশই চায় না সাংবাদিক লাঞ্ছনাকারীরা আইনের আওতায় আসুক।
এ বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক প্রথম আলোকে বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের আন্তরিকতার বিন্দুমাত্র কমতি নেই। অভিযুক্ত এক ব্যক্তি শনিবার একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন। তবে লোকসমাগমের কারণে দায়িত্বরত পুলিশের নজরে পড়েনি। মামলার বিষয়ে ওসি বলেন, থানায় করা অভিযোগে কিছু ত্রুটি থাকায় তা মামলা হিসেবে রেকর্ড করা হয়নি। আসামি গ্রেপ্তারের পর কিংবা অভিযোগটি পুনরায় লিখে দিলে তা মামলা হিসেবে রেকর্ড করা হবে।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১ জুন বেগমগঞ্জের বাংলাবাজার এলাকায় খাবার বিতরণ কর্মসূচিতে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলুসহ দলটির নেতা-কর্মীরা। স্থানীয় যুবলীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে সেখানে বিক্ষোভ মিছিল ও হামলা চালান। এ সময় বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনাও ঘটে। একপর্যায়ে তাঁরা পাশের একটি বাড়িতেও হামলা ও ভাঙচুর চালান। মুঠোফোনে ভিডিও চিত্র ধারণ করতে গেলে সাংবাদিক মিজানুর রহমানকে লাঞ্ছিত করেছে হামলাকারীরা। তাঁর মুঠোফোনও ছিনিয়ে নেওয়া হয়। তবে মুঠোফোনের সব ভিডিও মুছে ফেলে দুই ঘণ্টা পর তা ফেরত দেওয়া হয়েছে।