সাংবাদিককে প্রাণনাশের হুমকি: প্রতিবাদে মানববন্ধন ও প্রতীকী সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ শনিবার বেলা দেড়টার দিকে জেলা প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করা হয়
ছবি: প্রথম আলো

সাংবাদিককে ডেকে নিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার মেয়র মো. আলাউদ্দিনের বিরুদ্ধে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও প্রতীকী সড়ক অবরোধ করা হয়েছে। আজ শনিবার বেলা দেড়টার দিকে জেলা শহরের মোক্তারপাড়া প্রেসক্লাবের সামনের সড়কে ‘নেত্রকোনা বিক্ষুব্ধ সাংবাদিক সমাজ’-এর ব্যানারে এসব কর্মসূচি পালন করা হয়।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মুখলেছুর রহমান খান। সময় টিভির প্রতিনিধি আলপনা বেগমের পরিচালনায় এতে বক্তব্য দেন ইত্তেফাকের জেলা প্রতিনিধি শ্যামলেন্দু পাল, সমকালের খলিলুর রহমান শেখ, জনকণ্ঠের সঞ্জয় সরকার, যমুনা টিভির কামাল হোসাইন, নিউজ টোয়েন্টিফোরের সোহান আহমেদ, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আনিসুর রহমান, আমাদের নেত্রকোনা পত্রিকার সম্পাদক মাহফুজুর রহমান, এনটিভির ভজন দাশ, এশিয়ান টিভির আমিনুল ইসলাম, প্রথম আলোর পল্লব চক্রবর্তী প্রমুখ।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিবছর জেলা প্রশাসন থেকে সোমেশ্বরী নদীর পাঁচটি বালুমহাল ইজারা দেওয়া হয়। স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতাদের একটি চক্রের সদস্যরাই এ ইজারা পেয়ে আসছেন। অভিযোগ আছে, ওই চক্রের প্রধান পৌর মেয়র আলাউদ্দিন। প্রশাসনকে ম্যানেজ করে নিয়মনীতি লঙ্ঘন করে ইজারাদারেরা বেপরোয়াভাবে বালু উত্তোলন করেন। সহস্রাধিক ড্রেজার বসিয়ে বালু তোলা হয়। হাজার হাজার ট্রাক ও লরি দিয়ে বালু পরিবহন করার ফলে পৌর শহরের প্রধান সড়কসহ সব রাস্তা ভেঙে গেছে। ভেজা বালুর ফলে সারা বছর রাস্তায় কাদা থাকে। এ নিয়ে গত ২০ জানুয়ারি প্রথম আলোয় ‘বালুখেকোদের হাতে সোমেশ্বরীর সর্বনাশ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।

আরও পড়ুন

এ ছাড়া একাত্তর টিভি ও দৈনিক নয়া শতাব্দীর দুর্গাপুর প্রতিনিধি রিফাত আহমেদ বিষয়টি নিয়ে কয়েকটি প্রতিবেদন করেন। এরপর গত বুধবার সন্ধ্যায় এ বিষয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি। এতে ক্ষুব্ধ হয়ে রিফাতকে বাসায় ডেকে নিয়ে অকথ্য ভাষায় গালাগাল করেন মেয়র আলাউদ্দিন। এ সময় তাঁকে বালুর নিচে পুঁতে মেরে ফেলার হুমকি দেন মেয়র। ওই ঘটনার ধারণ করা ৯ মিনিট ৩৫ সেকেন্ডের একটি অডিওতে শোনা যায়, একজনকে লাঠি আনার নির্দেশ দিচ্ছেন মেয়র। রিফাতকে এলাকাছাড়া করারও হুমকি দেন তিনি। এরপর বৃহস্পতিবার রাতে মেয়র ও তাঁর লোকজন রিফাতের বাবা রফিকুল ইসলামকে ডেকে নিয়ে হুমকি দেন। ওই দিন গভীর রাতে রিফাতের বাসার গেট ও সামনের দোকানে ভাঙচুর করা হয়। এ ঘটনায় গতকাল শুক্রবার দুপুরে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এই সাংবাদিক।

রিফাত আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমি সোমেশ্বরী নদীর বালু উত্তোলন নিয়ে বেশ কয়েকবার প্রতিবেদন করেছি। এর পর থেকেই বালু ব্যবসায়ীরা আমার ওপর ক্ষিপ্ত। বুধবার পরিবেশ ধ্বংসের বিষয়টি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম। সেখানে কারও নাম উল্লেখ করিনি। বালুমহাল ইজারা দেয় জেলা প্রশাসন। ব্যক্তিগতভাবে মেয়র ক্ষুব্ধ হওয়ার কোনো কারণ নেই। তিনি আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। সঙ্গে তাঁর দ্বিতীয় স্ত্রীও গালমন্দ করেন। হুমকির পর থেকে আমি আত্মগোপনে রয়েছি। আমি ও আমার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি।’

জানতে চাইলে মেয়র আলাউদ্দিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘রিফাতকে ডেকে এনে শাসন করেছি। ফেসবুকে আমার নাম উল্লেখ না করলেও আমার বিরুদ্ধে আগে নিউজ করেছে। তাকে গালাগাল করেছি, অস্বীকার করছি না।’

দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহবুবুর রহমান বলেন, রিফাত আহমেদের করা জিডির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।