সাংবাদিককে মারধরের অভিযোগে ইউপি সদস্য প্রার্থীর ভাই গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কসবা পশ্চিম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে মারধরের ঘটনায় পরাজিত ইউপি সদস্য প্রার্থীর ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে কসবা পৌর শহরের নতুন বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ওই ব্যক্তির নাম হাসান সরকার (৩৫)। তিনি কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা গ্রামের মো. সাদেক মিয়া সরকারের ছেলে এবং কসবা পশ্চিম ইউপির পরাজিত সদস্য প্রার্থী সুলতান সরকারের ছোট ভাই।
মারধরের শিকার ওই সাংবাদিকের নাম মো. আবদুল বাকের সরকার। তিনি দৈনিক ‘অগ্নিকণ্ঠ পত্রিকা’র কসবা উপজেলা প্রতিনিধি ও কসবা প্রেসক্লাবের সহসভাপতি।
মামলা সূত্রে জানা যায়, গত ৩১ জানুয়ারি কসবা উপজেলার সাতটি ইউপিতে নির্বাচন হয়। পেশাগত দায়িত্ব পালনের জন্য আবদুল বাকের কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা গ্রামে ভোট গণনার সময় একটি কেন্দ্রে যাচ্ছিলেন। এ সময় ইউপি সদস্য প্রার্থী সুলতান সরকারের ছোট ভাই হাসান সরকার আবদুল বাকেরকে মারধর করেন। এতে আবদুল বাকের তাঁর কানে গুরুতর আঘাত পান। পরে স্থানীয় লোকজন বাকেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ঘটনায় ওই দিন রাতেই বাকের বাদী হয়ে হাসান সরকারকে আসামি করে কসবা থানায় একটি মামলা করেন।
কসবা প্রেসক্লাবের সভাপতি আবদুল হান্নান ও সাধারণ সম্পাদক মো. শাহআলম চৌধুরী বলেন, ইউপি নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনের সময় আবদুল বাকেরকে মারধর করা হয়েছে। কসবার সাংবাদিকদের পক্ষ থেকে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেন তাঁরা।
মামলার তদন্ত কর্মকর্তা ও কসবা থানার উপপরিদর্শক (এসআই) মো. নুর আলম বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আলমগীর ভূঁইয়া বলেন, সাংবাদিককে মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার আসামি হাসান সরকারকে আজ দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।