সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে ও হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধন হয়েছে।

গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় ধরমপাশা উপজেলায় কর্মরত সাংবাদিকেরা এই মানববন্ধনের আয়োজন করেন। আধা ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই কর্মসূচিতে বক্তব্য দেন সাংবাদিক জুবায়ের পাশা, সালেহ আহমদ, এনামুল হক, কবি আনিসুল হক, মোহনগঞ্জ প্রেসক্লাবের সদস্য শফিকুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে নানা শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। এতে বক্তারা বলেন, সন্ত্রাসীরা কারও ভাই ও আপনজন হতে পারে না, ওরা দেশ ও জাতির শত্রু। তারা কোনো সংগঠনের নেতা-কর্মী হতে পারে না। তাই নেত্রকোনায় সাংবাদিকদের ওপর যারা এই সন্ত্রাসী হামলা চালিয়েছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হচ্ছে।

জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর নেত্রকোনা পাবলিক হলে জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলনে নতুন কমিটি ঘোষণার একপর্যায়ে একটি পক্ষ ‘সম্মেলন মানি না মানি না’ বলে সেখানে হট্টগোল শুরু করে। সেখানে থাকা সাংবাদিকেরা এ দৃশ্য ভিডিও করতে গেলে ও ছবি তুললে নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া দেন। এ সময় সেখানে থাকা প্রথম আলোর নেত্রকোনা প্রতিনিধি পল্লব চক্রবর্তী ও ইত্তেফাক-এর প্রতিনিধি শ্যামলেন্দু পাল তাঁদের হামলায় আহত হন। এ ঘটনায় ২৪ সেপ্টেম্বর শ্যামলেন্দু পাল বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় একটি মামলা করেন।