সাংবাদিকদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহারের দাবি
ঝালকাঠির সাংবাদিক আক্কাস সিকদারসহ সারা দেশের সাংবাদিকদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহারের দাবিতে সভা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জামালপুর প্রেসক্লাবের আয়োজনে এ সভা হয়। এই সভা থেকে দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের হুমকি দেওয়ার প্রতিবাদ জানানো হয়েছে।
জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সারা জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকেরা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান। সভা সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান। এতে চ্যানেল ২৪-এর ও সমকালের জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন, বাংলাভিশনের জেলা প্রতিনিধি জুলফিকার মোহাম্মদ, সচেতন কণ্ঠের সম্পাদক বজলুর রহমান, মানবকণ্ঠের জেলা প্রতিনিধি কাফি পারভেজ প্রমুখ বক্তব্য দেন।
সভায় বক্তারা বলেন, গত ২৯ জুলাই ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল ২৪-এর সাংবাদিক আক্কাস সিকদারের বিরুদ্ধে হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহার করতে হবে। এ ছাড়া সারা দেশের সাংবাদিকদের বিরুদ্ধে করা সব মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। সম্প্রতি গণমাধ্যমকর্মীরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছেন। সাংবাদিকদের হুমকি দেওয়া হচ্ছে। একইভাবে জামালপুরেও সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে সাংবাদিকদের হাতে হাতকড়া পরানোর মহোৎসব চলছে। এই আইন বাতিল করার দাবিও জানান তাঁরা।