রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকেরা বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি মর্তুজা নুরের বিরুদ্ধে থানায় করা অভিযোগ প্রত্যাহারে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন। এর মধ্যে দাবি মানা না হলে কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়টির প্যারিস রোডে অনুষ্ঠিত মানববন্ধন থেকে সাংবাদিকেরা ওই ঘোষণা দেন। এ সময় তাঁরা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি মানিক রাইহানের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় হওয়া মামলাও প্রত্যাহারের দাবি জানান।
সংবাদ প্রকাশের জেরে গত শুক্রবার রাতে মর্তুজা নুরের বিরুদ্ধে মতিহার থানায় লিখিত অভিযোগ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষক রুনা লায়লা। তবে ডিজিটাল নিরাপত্তা আইনের ধারার সঙ্গে সংগতিপূর্ণ না হওয়ায় পুলিশ অভিযোগটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নিয়েছে।
আমরা মামলা-হামলার হুমকি মাথায় নিয়েই লিখতে শুরু করেছি। কিন্তু এসব করে আমাদের থামানো যাবে না।
মানববন্ধন চলাকালে বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দ্য ডেইলি স্টারের প্রতিনিধি আরাফাত রহমান বলেন, এখন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ওপর দমন-নিপীড়ন চালানোর জন্য ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করা হচ্ছে। মর্তুজা নুরের সংবাদে কোনো মিথ্যা তথ্য, সাংবাদিকের মতামত কিংবা ব্যক্তিবিদ্বেষ ছিল না। খোলা চোখে দেখলেই বোঝা যায়, ওই শিক্ষিকার জিডি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। কেউ যখন অন্যায়, অপরাধ করেন, তখন তাঁরা সেটিকে মানহানি বলে মনে করেন না। কিন্তু সংবাদে প্রকাশ হলেই তাঁরা সেটিকে মানহানির অপরাধ বলেন।
বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও দেশ রূপান্তরের প্রতিনিধি শাহীন আলম বলেন, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ওই শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ তুলে পদত্যাগ করেছেন। মর্তুজা নুরের সংবাদে এ বিষয়ই উঠে এসেছে। কিন্তু তিনি বিষয়টি ভালোভাবে নিতে না পেরে সাংবাদিকের বিরুদ্ধেই উঠেপড়ে লেগেছেন।
বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি ও জাগোনিউজের প্রতিনিধি সালমান শাকিল বলেন, ‘আমরা মামলা-হামলার হুমকি মাথায় নিয়েই লিখতে শুরু করেছি। আমাদের সংবাদে বিশ্ববিদ্যালয়ের কর্তাব্যক্তিদের অনিয়ম প্রকাশ পেলে তাঁরা সাংবাদিকদেরই প্রতিদ্বন্দ্বী মনে করছেন। এসব সংবাদ প্রকাশ হলে তাঁদের স্বার্থ উদ্ধার হচ্ছে না। কিন্তু এসব করে আমাদের থামানো যাবে না।’
বক্তারা মর্তুজা নুরের বিরুদ্ধে করা ওই শিক্ষিকার অভিযোগ প্রত্যাহারের জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন। একই সঙ্গে তাঁরা মানিক রাইহানের বিরুদ্ধে করা মামলাও প্রত্যাহারের দাবি জানান।
বক্তারা মর্তুজা নুরের বিরুদ্ধে করা ওই শিক্ষিকার অভিযোগ প্রত্যাহারের জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন। একই সঙ্গে তাঁরা মানিক রাইহানের বিরুদ্ধে করা মামলাও প্রত্যাহারের দাবি জানান।
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ইউনিটি, প্রেসক্লাবের সদস্যসহ ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি খুর্শিদ রাজিব এটি সঞ্চালনা করেন। বক্তব্য দেন সাংবাদিক সমিতির সাবেক সভাপতি সুজন আলী, রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি হারুন অর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক আহমেদ ফরিদ, প্রেসক্লাবের সহসভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক বেলাল হোসাইন প্রমুখ।