সাংসদ আউয়ালের পক্ষে বলতে এসে দ্বিধায় তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর-১ আসনের সাংসদ এ কে এম এ আউয়ালের বিরুদ্ধে স্বরূপকাঠিতে ব্যবসায়ীর দোকান দখলের যে অভিযোগ উঠেছে সেটি পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছেন সেখানকার হিন্দু নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য নিয়ে দ্বিধায় পড়েন নেতারা।
গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়। স্বরূপকাঠির হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলন শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধনও হয়।
তবে সকাল ১০টায় এই সংবাদ সম্মেলন শুরুর কথা থাকলেও দুপুর ১২টায় শুরু হয়। হিন্দু নেতারা সংবাদ সম্মেলনের কথা বললেও পুরো মিলনায়তনজুড়ে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের স্থানীয় কয়েক শ নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সাংসদের ঘনিষ্ঠ বলে পরিচিত জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতাকে আয়োজকদের নানা নির্দেশনা দিতে দেখা যায়।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য নিয়েও আয়োজকদের মধ্যে মতপার্থক্য শুরু হয়। প্রথম দফায় যে লিখিত বক্তব্য দেওয়া হয় তাতে বলা হয় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নাম ব্যবহার করে রানা দাশগুপ্ত ও সুব্রত চৌধুরী সাংসদ আউয়ালের বিরুদ্ধে অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য উপস্থাপন করেছেন। রানা দাশগুপ্তরা শুধু অভিযোগ করেছেন, ঘটনার বর্ণনা দিতে পারেননি। স্বভাবতই প্রশ্ন উঠেছে রানা দাশগুপ্তদের সঙ্গে বিএনপি-জামায়াতের পার্থক্য কোথায়?
লিখিত বক্তব্যে এমন আরও আক্রমণাত্মক বক্তব্য থাকায় আয়োজক নেতাদের মধ্যে দ্বিধা দেখা যায়। সংবাদ সম্মেলনের টেবিলে বসেই তাঁরা কয়েক জায়গা কেটে ঠিক করেন।
পরে লিখিত বক্তব্য পড়তে এসে স্বরূপকাঠি উপজেলা ঐক্য পরিষদের আহ্বায়ক আশিস কুমার বড়াল বলেন, ‘আমরা আপনাদের লিখিত যে বক্তব্য দিয়েছি সেটা বাদ। রানা দাশগুপ্তের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি তিনি দায়িত্বশীল বক্তব্য দেননি। কারও ব্যক্তিস্বার্থে তিনি বিভ্রান্ত হয়েছেন। স্বরূপকাঠির সাংসদের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার আগে তিনি আমাদের স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলতে পারতেন। কিন্তু তিনি তা করেননি।’
আশিস কুমার বলেন, ‘সাংসদ আউয়াল সংখ্যালঘু সম্প্রদায়ের একমাত্র আশ্রয়স্থল। তিনি কোনো দখল করেননি। আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে জানতে চাই কোথায় তিনি দখল করেছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ কোনো চক্রান্তের অংশ। কিসের ভিত্তিতে রানা দাশগুপ্ত এমন অভিযোগ করেছেন আমরা জানতে চাই।’
তাহলে কী স্বরূপকাঠিতে কোনো জায়গা দখল হয়নি? এমন প্রশ্নের জবাবে আশিস কুমার বলেন, ‘অতীতে হতে পারে। এ কে এম এ আউয়াল সাংসদ হওয়ার পরে হয়নি।’ সংবাদ সম্মেলন করার আগে আপনাদের বক্তব্য ঐক্য পরিষদের নেতাদের জানিয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না আমরা আসলে সময় পাই নাই। আবেগের কারণে আমরা দ্রুত এই সংবাদ সম্মেলন আয়োজন করেছি।’
স্বরূপকাঠিতে বাড়ি কিন্তু ঢাকায় কর্মরত এমন একজন সাংবাদিকের প্রশ্নে অনুষ্ঠানস্থলে উত্তেজনা দেখা যায়। তিনি আয়োজকদের বলেন, ‘আপনারা কী রানা দাশগুপ্তকে বিএনপি-জামায়াতের লোক বলতে চাইছেন? সাংসদ আউয়ালই কি এই সংবাদ সম্মেলন করতে বলেছেন? তিনি স্থানীয় সাংসদের বিরুদ্ধে থানা-পুলিশ দিয়ে মানুষকে হয়রানির নানা অভিযোগও তোলেন।’ জবাবে আশিস কুমার বলেন, ‘এগুলো ঠিক নয়।’
পিরোজপুর জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি সমর কুমার দাস বলেন, ‘আমরা কারও পক্ষ হয়ে আসিনি।’
সংবাদ সম্মেলনে নেতারা ছাড়া শত শত লোকের উপস্থিতি সম্পর্কে জানতে চাইলে আয়োজকেরা কোনো কথা বলেননি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বরূপকাঠি পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিধান চন্দ্র মৈত্র, সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার হালদার, পৌরসভার প্যানেল মেয়র রতন দত্ত, বিশ্ব হিন্দু পরিষদের সদস্য দিলীপ কুমার, বিকাশ মজুমদার, আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখর কুমার বিশ্বাস, উপজেলা মহিলা আওয়ামী লীগের সদস্য শান্তা সুতার প্রমুখ।
আমাদের মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি জানিয়েছেন, দোকান দখলের সংবাদের প্রতিবাদ জানিয়ে সাংসদের পক্ষে গতকাল সকালে পিরোজপুরর শহরে ও বিকেলে মঠবাড়িয়ায় মানববন্ধন করেছেন ঐক্য পরিষদের নেতারা। সাংসদ এ কে এম এ আউয়াল বলেছেন, ‘আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। এর প্রতিবাদে পিরোজপুরবাসী স্বতঃস্ফূর্তভাবে এই মানববন্ধন করেছেন।’