সাংসদ আয়েন উদ্দিনের করোনা পজিটিভ
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাংসদ আয়েন উদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ রোববার সকালে তাঁর করোনা পজিটিভ হয়েছেন বলে মুঠোফোনে খুদে বার্তা পান। গতকাল শনিবার তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন।
আয়েন উদ্দিন বলেন, তিনি কয়েক দিন ধরে ঢাকায় আছেন। ১৬তম সংসদ অধিবেশনে যোগ দিতে নিয়ম অনুযায়ী সাংসদদের করোনা পরীক্ষা করা হয়। গতকাল শনিবার তিনিও করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। রোববার সকাল ১০টার দিকে প্রথমে ফোন ও খুদে বার্তা পাঠিয়ে জানানো হয়, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।
আয়েন উদ্দিন আরও বলেন, কয়েক দিন ধরে তাঁর জ্বর ও সর্দি-কাশি রয়েছে। এখনো রয়েছে। এ ছাড়া আর কোনো শারীরিক সমস্যা নেই। তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তিনি সবার কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
সাংসদ আয়েন উদ্দিন রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি করোনার দুই ডোজ টিকা নিয়েছেন। এর আগে গত বছরের অক্টোবরে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।
এর আগে গতকাল করোনাভাইরাসে আক্রান্ত হন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাংসদ এনামুল হক। গত শুক্রবার তাঁরা করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেন। গতকাল করোনা পজিটিভ এসেছে বলে তাঁদের জানানো হয়।