সাংসদ একরামের বক্তব্যের পর আলোচনায় শনিবারের বর্ধিত সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওবায়দুল কাদের ও একরামুল করিম চৌধুরী
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সম্পর্কে ফেসবুকে লাইভে সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর মন্তব্য জেলা আওয়ামী লীগের চলমান দ্বন্দ্বে নতুন মাত্রা যোগ করেছে। ওই মন্তব্যের পর গত দুই দিনে এ নিয়ে কেউ কোনো প্রতিক্রিয়া না দেখালেও শনিবার (১২ মার্চ) জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় বিষয়টি ‘বিশেষ গুরুত্ব’ পাবে বলে দলীয় সূত্রে জানা গেছে। বেলা তিনটায় এই সভা হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে ফেসবুক লাইভে আসেন নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী। সেখানে তিনি ‘ওবায়দুল কাদের নোয়াখালীর সবচেয়ে ঘৃণিত লোক এবং তিনি আওয়ামী লীগের অনেক ক্ষতি করে যাচ্ছেন’ বলে বক্তব্য দেন। দীর্ঘদিনের রাগ–ক্ষোভ থেকেই সাংসদ এমন মন্তব্য করেছেন বলে মনে করছেন তাঁর অনুসারীরা।

একরামুল টানা ১৭ বছর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। সর্বশেষ ২০১৯ সালের সম্মেলনেও তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কিন্তু পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের আগেই সম্মেলনে ঘোষিত কমিটি ভেঙে দিয়ে ৮৭ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা কেন্দ্রীয় আওয়ামী লীগ। এতে আহ্বায়ক করা হয় ভেঙে দেওয়া কমিটির সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরীকে। আর দুই যুগ্ম আহ্বায়ক করা হয় শিহাব উদ্দিন শাহিন ও নোয়াখালী পৌরসভার মেয়র মো. সহিদ উল্যাহ খানকে। সদস্য হিসেবে রাখা হয় একরামুলকে।

আরও পড়ুন

দলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২০ সালের ৩১ ডিসেম্বর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার নির্বাচনের ইশতেহার ঘোষণাকালে সাংসদ একরামুল করিম চৌধুরী ও ফেনীর সাংসদ নিজাম উদ্দিন হাজারীসহ দলের সাংসদদের নিয়োগ–বাণিজ্য, টেন্ডারবাজি ও জাতীয় নির্বাচন নিয়ে বক্তব্য দিয়ে আলোচনায় আসেন আবদুল কাদের মির্জা। তিনি সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই।

সূত্র জানায়, কাদের মির্জা ওই মন্তব্য করেই ক্ষান্ত হননি। এরপর বিভিন্ন সভা–সমাবেশ আর ফেসবুক লাইভে তিনি ওই সাংসদের কঠোর সমালোচনা করেন। একপর্যায়ে তাঁর বক্তব্যে যুক্ত হয় ওবায়দুল কাদেরের সহধর্মিণী ইশরাতুন্নেসা কাদেরের নামও। তিনি ইশরাতুন্নেসার বিরুদ্ধে তাঁকে (কাদের মির্জা) হত্যার ষড়যন্ত্রের অভিযোগও করেন। একই অভিযোগ করেন, সাংসদ একরামুল করিম চৌধুরী ও নিজাম হাজারীর বিরুদ্ধেও। এ নিয়ে দলের ভেতরে বিবাদ চলে আসছে।

দলীয় সূত্র বলছে, কাদের মির্জার ধারাবাহিক বক্তব্যে বিভক্তি দেখা দেয় কোম্পানীগঞ্জ আওয়ামী লীগে। পক্ষ–বিপক্ষে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে। একে কোম্পানীগঞ্জে স্থানীয় এক সাংবাদিক ও একজন শ্রমিক লীগ নেতা নিহত হন। এ ছাড়া কাদের মির্জার অনুসারীদের হামলার শিকার হন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানসহ অনেকে।

সূত্র জানায়, সভা-সমাবেশ ও ফেসবুক লাইভে কাদের মির্জার ধারাবাহিক বক্তৃতার একপর্যায়ে গত বছরের ২১ জানুয়ারি রাতে প্রথমবারের মতো ফেসবুক লাইভে আসেন সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরীও। ২৭ সেকেন্ডের একটি ভিডিওতে সাংসদ একরামুল ওবায়দুল কাদেরকে ‘রাজাকার পরিবারের সন্তান’ বলে মন্তব্য করেন। পরবর্তী সময়ে অবশ্য সাংসদ একরাম তাঁর বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ওবায়দুল কাদেরের কাছে ক্ষমা চেয়েছেন।

এ ঘটনার পর গত ২৯ জানুয়ারি জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সাংসদ একরামুলকে আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়। কারণ হিসেবে বলা হয়, ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের বিরোধিতা করার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাংসদের ঘনিষ্ঠ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মমিন প্রথম আলোকে বলেন, সাংসদ সব কথাই দীর্ঘদিনের রাগ-ক্ষোভ থেকে বলেছেন বলে মনে করেন তিনি। কারণ, নোয়াখালীতে এখন যাঁরা নিজেদের আওয়ামী লীগের অনেক কিছু মনে করেন, কিংবা প্রতিষ্ঠিত মনে করেন, তাঁরা একরামুল করিম চৌধুরীকে দিয়েই ওই জায়গায় এসেছেন। অন্য কেউ তাঁদের সহযোগিতা করেননি।

সাবেক নেতা আবদুল মমিন আরও বলেন, এর আগেই সাংসদ একরামুল করিম ওবায়দুল কাদের সম্পর্কে একটি মন্তব্য করেছেন, পরে তিনি ক্ষমা চেয়েছেন। ওবায়দুল কাদেরকে তিনি মন থেকে শ্রদ্ধা-সম্মান করতেন, এখনো করেন। যা বলেছেন, রাগ-ক্ষোভ থেকে বলেছেন। কারণ, কাদের মির্জা গত এক বছরের বেশি সময় ধরে ওবায়দুল কাদের, তাঁর স্ত্রী ও একরামুল করিম চৌধুরীর বিরুদ্ধে যেসব অশ্লীল কথাবার্তা বলে যাচ্ছেন, সেসবের বিরুদ্ধে ওবায়দুল কাদের কিছু করতে পারেননি।

তবে এ বক্তব্য নিয়ে জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ এইচ এম খায়রুল আনম চৌধুরী কোনো মন্তব্য না করে শুধু বলেন, ‘মানুষ পাগল হয়ে গেলে কত কথাই বলে। আমি এসব নিয়ে কোনো কথা বলব না। আমি এসব শুনিও না।’

অপর দিকে জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিহাব উদ্দিন শাহিন এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, নোয়াখালী আওয়ামী লীগের সব ক্ষতির মূলে একরামুল করিম চৌধুরী। তিনি এখন যা করছেন, তার সবকিছুই বিএনপির সঙ্গে আঁতাত করে করছেন বলে তিনি মনে করেন। কারণ, বিএনপির কথার সুর আর তাঁর কথার সুর এক। শিহাব উদ্দিন শাহিন আরও বলেন, শনিবার আওয়ামী লীগের বর্ধিত সভা আছে, ওই সভায় সাংসদ একরামুল করিম চৌধুরীর লাইভে দেওয়া বক্তব্যের বিষয়টি আলোচনায় উত্থাপন করা হবে।

আরও পড়ুন