সাংসদ ও চেয়ারম্যানের ‘টিকাকাণ্ডে’ দুই স্বাস্থ্য কর্মকর্তার ভুল স্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি বাসভবনে বসে টিকা নিচ্ছেন রাজশাহী তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ
ছবি: সংগৃহীত

রাজশাহীতে প্রশিক্ষণ না থাকা সত্ত্বেও এক ব্যক্তিকে সাংসদের টিকা প্রয়োগ এবং সরকারি বাসায় বসে উপজেলা চেয়ারম্যানের টিকা গ্রহণের ঘটনায় ভুল স্বীকার করেছেন দুই উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও)। কারণ দর্শানোর নোটিশের জবাবে এই দুই কর্মকর্তা ক্ষমা চেয়েছেন। বিধি অনুযায়ী আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) এই বিষয়টি স্বাস্থ্য অধিপ্তরকেও জানানো হয়েছে।

এ দুই স্বাস্থ্য কর্মকর্তা হলেন বাগমারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম রাব্বানী এবং তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বার্নাবাস হাসদাক।

৭ আগস্ট রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাংসদ এনামুল হক নিজে এক ব্যক্তিকে করোনাভাইরাসের টিকা পুশ করে গণটিকা কার্যক্রমের উদ্বোধন করেন। তখন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গোলাম রাব্বানীও উপস্থিত ছিলেন। আর ১০ আগস্ট তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ওরফে ময়না তাঁর সরকারি বাসভবনে বসে টিকা নেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী জহির উদ্দিন ও পোর্টার মো. নাসিম গিয়ে তাঁকে টিকা দিয়ে আসেন।

রাজশাহীর বাগমারায় এক বৃদ্ধের শরীরে টিকা পুশ করেন স্থানীয় সাংসদ এনামুল হক
ফাইল ছবি

এভাবে কাউকে বাসায় গিয়ে টিকা প্রয়োগ করার সুযোগ নেই। আবার স্বাস্থ্যকর্মী জহির উদ্দিন না দিয়ে তৃতীয় শ্রেণির কর্মচারী নাসিম উপজেলা চেয়ারম্যানের শরীরে টিকা প্রয়োগ করেন। নাসিমের এ ব্যাপারে কোনো প্রশিক্ষণও নেই। এ দুটি ঘটনায় বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের নির্দেশনা অনুযায়ী দুই স্বাস্থ্য কর্মকর্তাকে শোকজ করেছিলেন রাজশাহীর সিভিল সার্জন কাইয়ুম তালুকদার।

বৃহস্পতিবার বিকেলে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাবিবুল আহসান তালুকদার প্রথম আলোকে বলেন, উপজেলা চেয়ারম্যান আর সাংসদ তাঁদের (স্বাস্থ্য অধিদপ্তর) অধীনে নন। ফলে তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তাঁরা নিতে পারেন না। তাই নিজেদের কর্মচারীদের বিরুদ্ধেই ব্যবস্থা নিয়েছেন। তাঁরাও পরিস্থিতির স্বীকার হয়ে কাজটি করেছেন। তাঁরা দুজন ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন। বলেছেন, ভবিষ্যতে আর এ রকম কাজ করবেন না।

হাবিবুল আহসান আরও বলেন, এখন ভুল স্বীকার করে ক্ষমা চাইলে তেমন কিছু করার থাকে না। তাঁদের জবাবে তিনি সন্তুষ্ট হয়েছেন। তবে নিয়ম অনুযায়ী তাঁদের জবাব স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে। অধিদপ্তর থেকে এ ব্যাপারে কোনো নির্দেশনা দিলে সেভাবে ব্যবস্থা নেওয়া হবে। দুই কর্মচারীর ব্যাপারে তিনি বলেন, যেখানে কর্মকর্তা নির্দেশ দেন, সেখানে কর্মচারীর আর কী করার থাকতে পারে। তাঁরা ক্ষমা চেয়েছেন। তাঁদের ব্যাপারেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।