সাংসদ কমলকে বর্জনের ঘোষণা
কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ সাইমুম সরওয়ার কমলকে বর্জনের (বয়কট) ঘোষণা দিয়েছে জেলা আওয়ামী লীগ। গত বুধবার বিকেলে দলের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সাংসদ কমলের বিরুদ্ধে অভিযোগ, ১৯ জুলাই বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সরকারি কর্মকর্তাদের নিয়ে আওয়ামী লীগ নেতাদের এক বিশেষ সভায় তিনি (কমল) জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদকে ‘চুপ-বেয়াদব’ বলেন এবং ভারপ্রাপ্ত সভাপতি এ কে আহমদ হোসেনের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।
তবে অভিযোগ সত্য নয় দাবি করে সাংসদ কমল বলেন, সালাহউদ্দিন আহমদই প্রথমে তাঁকে ‘চুপ বেয়াদব’ বলেন। এতে দলীয় নেতা-কর্মীরা উত্তেজিত হলে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সালাহউদ্দিন আহমদকে সভাস্থল ত্যাগ করতে অনুরোধ করেছিলেন।
দলের প্রচার সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল সংবাদপত্রে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলেন, গত বুধবার বিকেলে জেলা পরিষদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় সাংসদ কমলকে বর্জনের সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে দলের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের জন্য সাংসদ কমলকে দোষী সাব্যস্ত করে নিন্দা প্রস্তাব গ্রহণ করা হয় এবং সার্বিক বিষয় দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিষয়টি সর্বোচ্চ ফোরামে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাংসদ কমলকে সামগ্রিকভাবে বর্জনের (বয়কট) সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে আহমদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, সাবেক সাংসদ এথিন রাখাইন, যুগ্ম সম্পাদক সিরাজুল মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসাইন, পৌর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান প্রমুখ।
দলীয় সূত্র জানায়, গত ১৮ জুলাই রাতে ছাত্রলীগের মিছিলে পুলিশের গুলিবর্ষণের ঘটনায় পৌর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানসহ কয়েকজন গুলিবিদ্ধ হন। উক্ত ঘটনার সমাধানকল্পে ১৯ জুলাই বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক বিশেষ সভার আয়োজন করা হয়। ওই সভায় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে আহমদ হোসেন পুলিশ কর্মকর্তাদের নির্দোষ দাবি করে পুলিশ কনস্টেবলদের ওপর দোষ চাপিয়ে বক্তব্য দিলে সাংসদ কমল তাঁকে থামিয়ে দেন এবং ভিকটিম ছাত্রলীগের নেতা-কর্মীদের জবানবন্দি গ্রহণের পর বক্তব্য দেওয়ার জন্য আহমদ হোসেনকে অনুরোধ জানান। এরপর দলের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ সাংসদ কমলের অসৌজন্যমূলক আচরণ নিয়ে বক্তব্য শুরু করলে সাংসদ কমল ‘নো, নো’ বলে তাঁকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে সালাহউদ্দিন আহমদ সাংসদ কমলকে ‘বেয়াদব, তুই চুপ কর’ বলে উক্তি ছুড়ে মারেন। এরপর সাংসদ কমলও সালাহউদ্দিনকে ‘তুইও বেয়াদব, গেট আউট’ বলেন। পরে সভায় উপস্থিত পুলিশ সুপার মো. আজাদ মিয়া ও জেলা প্রশাসক মো. রুহুল আমিন দুই নেতাকে থামিয়ে দিয়ে পরিস্থিতি শান্ত করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারি কর্মকর্তা ও দলের তৃণমূল নেতা-কর্মীদের সামনে তিনি এভাবে আচরণ করতে পারেন না। তাই দলের নেতারা তাঁকে (কমলকে) বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।
সাংসদ কমল বলেন, সভার সর্বোচ্চ কর্তাব্যক্তি (সাংসদ) হিসেবে তিনি আমাকে ‘তুই বেয়াদব’ বলতে পারেন না। যেহেতু এটা কোনো আওয়ামী লীগের দলীয় সভা ছিল না।
সাংসদ কমল বলেন, এ ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করে তাঁর জনপ্রিয়তা ক্ষুণ্ন করার লক্ষ্যে সালাহউদ্দিন আহমদ ও তাঁর দোসররা ২২ জুলাই বিতর্কিত এক সভায় বসে তাঁকে বর্জনের ঘোষণা দিয়েছেন। এতে দলের শৃঙ্খলা বিঘ্নিত হবে।