সাংসদের বিপক্ষে কথা বলায় মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারধরের শিকার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম হাওলাদার
প্রথম আলো

জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে মাদারীপুর-৩ আসনের সাংসদ আবদুস সোবাহান গোলাপের বিপক্ষে কথা বলায় জেলার ডাসার উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কালকিনি উপজেলা শহরের সোনালী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে বেলা আড়াইটায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাথুরিয়াপাড় এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন ওই নেতার সমর্থকেরা।

মারধরের শিকার ওই নেতার নাম আবুল কাশেম হাওলাদার। তিনি ডাসার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা।

আওয়ামী লীগের নেতা-কর্মী ও স্থানীয় সূত্র জানায়, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ডাসার উপজেলায় আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে আওয়ামী লীগ নেতা আবুল কাশেম হাওলাদার মাদারীপুর-৩ আসনের সাংসদ আবদুস সোবাহান গোলাপের নানা বিষয় তুলে ধরে সমালোচনা করেন। এরই জের ধরে সাংসদ সমর্থক কয়েকজন নেতা-কর্মী আবুল কাশেমকে নানাভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। আজ দুপুর ১২টার দিকে আবুল কাশেম কালকিনি উপজেলার ভূমি অফিসে তাঁর ব্যক্তিগত একটি কাজ শেষ করে সোনালী ব্যাংকের দিকে যাচ্ছিলেন। এ সময় ছাত্রলীগের পরিচয়দানকারী কয়েকজন যুবক কাশেম হাওলাদারকে একটি চায়ের দোকানে ডেকে নেন। চায়ের দোকানে নিয়ে তাঁকে মারধর করেন।

আবুল কাশেম হাওলাদারকে মারধরের প্রতিবাদে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তাঁর সমর্থকরা। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার পাথুরিয়াপাড় এলাকায়
প্রথম আলো

এর প্রতিবাদে বেলা আড়াইটার দিকে আবুল কাশেম এলাকাবাসী ও তাঁর সমর্থকদের নিয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার পাথুরিয়াপাড় এলাকায় অবস্থান নেন। পরে সমর্থকেরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় প্রায় এক ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে ডাসার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনি সহায়তা ও অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন।

আবুল কাশেম হাওলাদার প্রথম আলোকে বলেন, ‘চায়ের দোকানে ডেকে নিয়ে কয়েকজন যুবক আমাকে প্রথমে জিজ্ঞাসা করে, আমি কেন সাংসদ গোলাপের বিরুদ্ধে কথা বলেছি। তাঁকে কেন গালিগালাজ করেছি। পরে এক-দুই কথায় তাঁদের সঙ্গে আমার বাগ্‌বিতণ্ডা বাধে। এরপরই কয়েকজন যুবক আমাকে মারধর শুরু করেন। আমার পাঞ্জাবি ছিঁড়ে ফেলেন।’ তিনি আরও বলেন, ‘আমি অন্যায়ের প্রতিবাদ করেছি। সাংসদ গোলাপ আমার এলাকায় সহায়তা করেন না বলে তাঁর বিরুদ্ধে কথা বলেছি। দলের ভালো–মন্দ বিষয়ে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা-সমালোচনা করেছি। এর মানে কি আমাকে মারধর করবে? আমি তো আওয়ামী লীগ করি, দেশের একজন বীর মুক্তিযোদ্ধা। আমাদের কি কথা বলা অপরাধ?’

আবুল কাশেম হাওলাদারকে মারধরের প্রতিবাদে মহাসড়কে বিক্ষোভ। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার পাথুরিয়াপাড় এলাকায়
প্রথম আলো

ডাসার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সৈয়দ সাখোয়াত হোসেন বলেন, সাংসদ ভুল করলে সে বিষয়ে আলোচনা-সমালোচনা একজন করতেই পারেন। এটা তাঁর কথা বলার স্বাধীনতা। এর মানে এই নয় যে তাঁকে মারধর করে চুপ রাখা যাবে। আওয়ামী লীগ নেতা আবুল কাশেমের ওপর যে হামলা ও লাঞ্ছনা হয়েছে, এটা খুবই জঘন্য কাজ। তাঁরা এ হামলার সুষ্ঠু বিচারের দাবি জানান।

অভিযোগের বিষয় জানতে মাদারীপুর-৩ আসনের সাংসদ আবদুস সোবাহান গোলাপের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ধরেননি। পরে সাংসদের স্থানীয় প্রতিনিধি হিসেবে পরিচিত কালকিনি পৌর মেয়র এস এম হানিফ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি বিষয়টি নিয়ে এমপি সাহেবের সঙ্গে কথা বলেছি। এ ঘটনার আগে-পরের কিছুই এমপি সাহেব জানেন না। তবুও তাঁর নাম ব্যবহার করে প্রতিহিংসামূলক রাজনীতি শুরু করেছে একটি মহল। মিথ্যা ও বানোয়াট এসব অভিযোগ দিয়ে এমপির সুনাম নষ্ট করা হচ্ছে। এখানে কালকিনি ও ডাসার উপজেলায় আওয়ামী লীগের কমিটি নিয়ে দ্বন্দ্ব থাকায় কিছু লোক ঘোলা পানিতে মাছ চাষের চেষ্টা করছেন। তবে তাতে কোনো লাভ হবে না।’

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানুজ্জামান প্রথম আলোকে বলেন, মহাসড়ক অবরোধ শুনেই তাঁরা ঘটনাস্থলে যান। আধঘণ্টার মতো যান চলাচল বন্ধ ছিল। পরে আবুল কাশেমসহ তাঁর সমর্থকদের সঙ্গে কথা বলেন। তাঁদের আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দিলে তাঁরা মহাসড়কে অবরোধ তুলে নেন। ওসি আরও বলেন, ‘আমরা যতটুকু জেনেছি এটা রাজনৈতিক বিরোধ। স্থানীয় আওয়ামী লীগের কোন্দলের কারণে এ ধরনের ঘটনা ঘটেছে।’