সাংসদ নূরের উদ্যোগে প্রতিবন্ধীদের খাদ্যসহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী সদরে আজ রোববার করোনাভাইরাসের প্রভাবে ঘরে আটকে থাকা প্রায় তিন হাজার প্রতিবন্ধীর মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। নীলফামারী-২ (সদর) আসনের সাংসদ আসাদুজ্জামান নূরের ব্যক্তিগত তহবিল থেকে এ সহায়তা দেওয়া হয়।

বেলা ১১টার দিকে নীলফামারী শহরে সাংসদের বাসভবনের সামনে খাদ্যসামগ্রী বিতরণ শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকার, সাংসদের স্থানীয় প্রতিনিধি তরিকুল ইসলাম প্রমুখ। পরে উপজেলার ১৫টি ইউনিয়নের তালিকাভুক্ত প্রতিবন্ধীদের বাড়িতে পৌঁছে দেওয়া হয় খাদ্যসামগ্রী।

ওয়াদুদ রহমান জানান, সাংসদ আসাদুজ্জামান নূরের ব্যক্তিগত তহবিল থেকে ২ হাজার ৯০০ প্রতিবন্ধীর মধ্যে পাঁচ কেজি করে চাল, দুই কেজি আলু, আধা কেজি ডাল এবং একটি করে সাবান বিতরণ করা হয়েছে। সদর উপজেলার ১৫টি ইউনিয়নের নেতা-কর্মীরা এসব সামগ্রী উপকারভোগীদের বাড়িতে পৌঁছে দিয়েছেন। এর আগে ৪ হাজার ৭০০ কর্মহীন পরিবারকে খাদ্যসহায়তা দেওয়া হয়েছে।