সাংসদ মুরাদকে এবার ইউনিয়ন আ.লীগের সদস্য থেকে অব্যাহতি
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া সাংসদ মুরাদ হাসানকে এবার জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে আওনা ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জরুরি সভা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মুরাদ হাসান জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সাংসদ। অশালীন, শিষ্টাচারবহির্ভূত, নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য প্রদান ও এক চিত্রনায়িকার সঙ্গে অশালীন ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গত সোমবার তাঁকে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত মঙ্গলবার তিনি পদত্যাগ করেন। রাতেই তাঁর পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করা হয়।
এদিকে সাংসদ মুরাদ হাসানকে গত বুধবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সদস্যপদ থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়। ওই দিন উপজেলা আওয়ামী লীগের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে মঙ্গলবার বিকেলে জেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় মুরাদ হাসানকে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে আওনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেল্লাল হোসেন বলেন, গতকাল রাতে সাংসদের নিজ এলাকা আওনা ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক জরুরি সভা ডেকে মুরাদ হাসানকে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্যপদ থেকে প্রাথমিকভাবে অব্যাহতি দেওয়া হয়। তাঁকে অব্যাহতি দিয়ে উপজেলা আওয়ামী লীগের কাছে চূড়ান্ত অনুমোদনের জন্য চিঠি পাঠানো হয়েছে।