সাংসদ লতিফের বিরুদ্ধে দুটি আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধুর ছবি বিকৃত করার অভিযোগে আওয়ামী লীগের সাংসদ এম এ লতিফের বিরুদ্ধে করা দুটি রিভিশন আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। আজ সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর এ আদেশ দেন।

পুলিশ ও আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম আগমন উপলক্ষে নগরের পতেঙ্গা-হালিশহর আসনের সাংসদ এম এ লতিফ বিমানবন্দর সড়ক ও আগ্রাবাদে ব্যানার-ফেস্টুন টানানোর ব্যবস্থা করেছিলেন। এসব ব্যানার-ফেস্টুনে বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগ ওঠে। এ অভিযোগে ৪ ফেব্রুয়ারি সাংসদ লতিফকে আসামি করে মানহানি ও তথ্যপ্রযুক্তি আইনে আদালতে দুটি মামলা করেন যুবলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য সাইফুদ্দিন আহমেদ। তদন্ত শেষে দুটি মামলাতেই সাংসদ লতিফকে অব্যাহতির সুপারিশ করে চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ। পরে চট্টগ্রাম মহানগর হাকিম আদালত পুলিশের দেওয়া প্রতিবেদন গ্রহণ করে মামলা দুটি খারিজ করে দেন। এ আদেশের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় গত ১৯ মার্চ ও মানহানি আইনের মামলায় ২ এপ্রিল মহানগর দায়রা জজ আদালতে রিভিশন মামলা করেন সাইফুদ্দিন আহমেদ। আদালত দুটি রিভিশন মামলার গ্রহণযোগ্যতা শুনানির জন্য গত ২৫ এপ্রিল দিন ধার্য থাকলেও পিছিয়ে যায়। ২ মে শুনানি শেষে আদালত আদেশের জন্য রাখেন।

চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী আজ দুপুরে তাঁর কার্যালয়ে প্রথম আলোকে বলেন, মানহানির মামলায় তদন্তে পুলিশ অভিযোগের সত্যতা পায়নি উল্লেখ করে যে প্রতিবেদন দিয়েছে, তা সঠিক মনে করে আদালত রিভিশন (পুনর্বিবেচনা) আবেদনটি খারিজ করে দিয়েছেন। এ ছাড়া তথ্যপ্রযুক্তি আইনের মামলায় করা রিভিশন আবেদনটি শুনানির এখতিয়ার দায়রা জজ আদালতের নেই। এটি শুনানির জন্য সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে যেতে বাদীকে পরামর্শ দেওয়া হয়েছে।

খারিজ আদেশের বিরুদ্ধে আপিল করা হবে কি না, জানতে মামলার বাদী সাইফুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, উচ্চ আদালতে আপিল করা হবে।

সাংসদ লতিফের বিরুদ্ধে ওই দুটি মামলা ছাড়াও মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে আরও দুটি মামলা করেন ছাত্রলীগের নেতারা। এর মধ্যে মানহানির মামলায় গত বছরের অক্টোবর মাসে চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ। আর রাষ্ট্রদ্রোহ মামলাটি তদন্ত করছে কোতোয়ালি থানার পুলিশ।