সাংসদ শফিকুলের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগের কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ
নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সাংসদ শফিকুল ইসলামের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকীর কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ। আজ শনিবার দুপুরে শহরের কানাইখালী এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফিউল আযম। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ইসতিয়াক আহমেদ, সহসভাপতি সুপ্রিয় ভৌমিক, সাংগঠনিক সম্পাদক নিওন হোসেনসহ জেলা কমিটির নেতারা।
সংবাদ সম্মেলনে শফিউল আযম বলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে ১০ আগস্ট নাটোর প্রেসক্লাবের সামনে শোক দিবস পালনের সিদ্ধান্ত পুলিশ সুপার, নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সব গোয়েন্দা সংস্থাকে লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়। জেলা আওয়ামী লীগ বরাবরের মতো এবারও কান্দিভিটায় দলীয় অফিস চত্বরে শোক দিবসের কর্মসূচি পালন করবে, এমনটা ভেবেই তাঁরা কর্মসূচির স্থান নির্ধারণ করেন। অথচ এর দুই দিন পর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ শফিকুল ইসলাম স্বেচ্ছাসেবক লীগের নির্ধারিত স্থানে আওয়ামী লীগের কর্মসূচি পালনের ঘোষণা দেন। ঘোষণাপত্রে সাংসদ নিজে স্বাক্ষর করেন। শুধু তা–ই নয়, তিনি লোকজনকে দিয়ে প্রেসক্লাবের সামনের জায়গা দখল করে প্যান্ডেল নির্মাণের কাজ শুরু করান। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।
শফিউল আযম অভিযোগ করে বলেন, পছন্দের ব্যক্তিদের নিয়ে কেন্দ্র জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করার পর থেকে সাংসদ শফিকুল স্বেচ্ছাসেবক লীগের সব কর্মসূচিতে বাধা দিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় তিনি শোক দিবসের কর্মসূচি বানচাল করার জন্য তাঁর কর্মীদের উসকে দিচ্ছেন। তিনি চাচ্ছেন, কর্মসূচি পালনের সময় যেন সংঘাত বাধে। এ অবস্থায় তিনি স্থানীয় প্রশাসনের পাশাপাশি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম বলেন, স্বেচ্ছাসেবক লীগ দলের একটি অঙ্গসংগঠন হয়েও সাংসদ শফিকুলের বাধায় দলীয় কার্যালয়ে কর্মসূচি পালন করতে পারছে না। এমনকি অন্যত্র দিবসটি পালনে বাধা দেওয়া হচ্ছে।
নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ শফিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগের অঙ্গসংগঠন। মূল সংগঠন আওয়ামী লীগের সঙ্গে তাদের কাউন্টার প্রোগ্রাম করা সাজে না। এ ছাড়া বিগত দিনে জেলা আওয়ামী লীগ কানাইখালী এলাকায় প্রতিটি শোক দিবসের অনুষ্ঠানে খাদ্য বিতরণ করছে। এবারও তার ব্যতিক্রম হবে না। সবাইকে নিয়ে দলীয় অনুষ্ঠান করার জন্য জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম স্বেচ্ছাসেবক লীগের নেতাদের আহ্বান জানিয়েছিলেন। কিন্তু তাঁরা একসঙ্গে কর্মসূচি পালন করতে রাজি হননি। উল্টো বিরোধিতা করার জন্যই তাঁরা এই ধরনের মিথ্যা বক্তব্য দিচ্ছেন।