সাংসদ হাচানুরের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে বৃদ্ধের অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংসদ শওকত হাচানুর রহমানের কবল থেকে জমি দখলমুক্ত করার দাবিতে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনশনে বৃদ্ধ বেলায়েত হোসেন
ছবি: প্রথম আলো

বরগুনা-২ আসনের সাংসদ শওকত হাচানুর রহমানের বিরুদ্ধে জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ওই জমি দখলমুক্ত করার দাবিতে অনশনে বসেছেন বেলায়েত হোসেন (৬৫) নামের এক বৃদ্ধ। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনশন শুরু করেন। বেলায়েত পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের পূর্ব লেমুয়া গ্রামের বাসিন্দা।

বেলায়েত হোসেনের অভিযোগ, পাথরঘাটা উপজেলার কাকচিড়া নৌ পুলিশ ফাঁড়ির সামনে কাকচিড়া-লেমুয়া সড়কের দক্ষিণ পাশে তাঁর পৈতৃক সূত্রে পাওয়া জমি দখলে নিয়ে স্থাপনা নির্মাণ করছেন হাচানুর। স্থাপনার নির্মাণকাজ শুরুর সময় সাংসদের সঙ্গে যোগাযোগ করলেও কোনো সুরাহা পাননি ওই বৃদ্ধ।

এ বিষয়ে পাথরঘাটা থানায় লিখিত অভিযোগ দিলেও কোনো সমাধান না পাওয়ায় নিরূপায় হয়ে ওই জমিতে স্থাপনা নির্মাণ বন্ধ ও দখলমুক্ত করার দাবিতে অনশনে বসেছেন বেলায়েত।

তবে অনশনে বাধাপ্রাপ্ত হচ্ছেন বলে অভিযোগ বেলায়েত। তাঁর অভিযোগ, আজ বেলা একটার দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি এসে হুমকি–ধমকি দিয়ে ব্যানার ছিঁড়ে তাঁকে উঠিয়ে দেন। পরে স্থান পরিবর্তন করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের বটগাছের নিচে আবার অনশনে বসেন তিনি।

বেলায়েত হোসেনের ভাষ্য, তাঁর সাড়ে তিন শতাংশ জমি নিয়ে আদালতে বণ্টন মামলা বিচারাধীন। ওই মামলায় সম্প্রতি জমিতে স্থিতাবস্থা জারি করে আদেশ দিয়েছেন আদালত। কিন্তু আদালতের আদেশ অমান্য করে গত ২২ ফেব্রুয়ারি বিকেলে স্থানীয় সাংসদ হাচানুর তাঁর অনুসারী কাকচিড়ার বাসিন্দা মাহবুবকে দিয়ে জমিতে মাটি কাটার কাজ শুরু করেন। এতে বাধা দেওয়ার পর বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার কথা হয়।

কিন্তু বিষয়টি সুরাহা না হওয়ায় ২৮ ফেব্রুয়ারি পাথরঘাটা থানায় বেলায়েত একটি লিখিত অভিযোগ করেন। এর মধ্যে তাঁর ভাই অসুস্থ হয়ে যাওয়ায় চিকিৎসার জন্য তাঁকে বরিশাল নিয়ে যান। ফিরে এসে গতকাল বুধবার দেখতে পান, ওই জমিতে স্থাপনার নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন সাংসদ। নিরূপায় হয়ে তিনি অনশনে বসেছেন। জমিটুকু ছাড়া তাঁর আর কিছু নেই।

ওই জমি নিয়ে অভিযোগ প্রসঙ্গে পাথরঘাটা থানার পরিদর্শক আবুল বাশার প্রথম আলোকে বলেন, অভিযোগটির অনুসন্ধান করা হচ্ছে। আবেদনকারীকে বলা হয়েছে আদালতের দ্বারস্থ হতে। আদালতের নির্দেশ অনুযায়ী পুলিশ কাজ করবে। তবে ওখানে শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে পুলিশ।

জমি দখলের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে সাংসদ শওকত হাচানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বেলায়েত হোসেন যেসব অভিযোগ করেছেন, তার কোনো ভিত্তি নেই। আমি কেন তাঁর জমি দখল করতে যাব? তিনি থানায় অভিযোগ করেছেন। আমিও আমার কাগজপত্র থানায় ও জেলা প্রশাসক কার্যালয়ে পাঠিয়ে দিয়েছি। কিন্তু বেলায়েত হোসেন তাঁর কোনো কাগজপত্র থানায় দিচ্ছেন না। অনশনের বিষয়টি পুরোপুরি রাজনৈতিক ষড়যন্ত্র।’