সাংসদের আশ্বাসে কর্মচারীদের ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সাংসদের আশ্বাসে নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলের কর্মচারীরা তাঁদের অনির্দিষ্টকালের ধর্মঘট গত শুক্রবার রাতে প্রত্যাহার করেছেন। রাতেই তাঁরা আখের ওজন নেওয়া থেকে শুরু করে সব ধরনের কাজে যোগ দেন।

নর্থ বেঙ্গল সুগার মিল সূত্রে জানা গেছে, সাশ্রয়ের নামে মৌসুমি ও চুক্তিভিত্তিক শ্রমিকদের সুবিধাবঞ্চিত করার প্রতিবাদে গত শুক্রবার সকাল থেকে শ্রমিকেরা ধর্মঘট শুরু করেন। এ অবস্থায় মিলে আখের ওজন নেওয়া বন্ধ হয়ে যায়। কয়েক শ গাড়ি আখ নিয়ে চাষিরা বিপাকে পড়েন। ডোঙ্গায় আখ না ফেলার কারণে মিল বন্ধ হওয়ার উপক্রম হয়।

ধর্মঘট প্রত্যাহারের জন্য প্রশাসনের পক্ষ থেকে মিলের অতিথিশালায় দফায় দফায় সভা হয়। সভায় বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চিফ অব পার্সোনাল আবুল রফিক, চিফ অব প্ল্যানিং হারেজ আলী, মিলের ব্যবস্থাপনা পরিচালক এম এ আজিজসহ অন্যান্য কর্মকর্তা এবং সিবিএ সভাপতি আবদুর রব, সাধারণ সম্পাদক ওমর আলী ও সাবেক সভাপতি খায়রুল বাসার উপস্থিত ছিলেন। আলোচনায় অগ্রগতি না হলে বিষয়টি নিয়ে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাংসদ মো. আবুল কালাম মুঠোফোনে শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলেন। তিনি শ্রমিকদের সমস্যা নিয়ে করপোরেশনের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করবেন ও দাবি আদায়ে পদক্ষেপ নেবেন এমন আশ্বাস দিলে শ্রমিকেরা ধর্মঘট প্রত্যাহারে রাজি হন। পরে রাত থেকে তাঁরা নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থেকে কাজে যোগ দেন।

ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে মিলের ব্যবস্থাপনা পরিচালক এম এ আজিজ বলেন, চিনিশিল্প টিকিয়ে রাখার স্বার্থে শ্রমিকেরা সাংসদের আশ্বাসে কাজে যোগ দিয়েছেন।

সাংসদ মো. আবুল কালাম বলেন, শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে তিনি করপোরেশন ও শিল্প মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সভা করবেন ও সমাধানের উপায় বের করবেন। তিনি শ্রমিকদের শান্ত থেকে কাজে মনোযোগ দেওয়ার অনুরোধ করেন।