সাংসদের কর্মসূচিতে ছাত্রলীগ ও যুবলীগের হামলা, আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা নিয়ে স্থানীয় নির্দলীয় সাংসদ ও ছাত্রলীগ-যুবলীগ গতকাল মঙ্গলবার পাল্টাপাল্টি সমাবেশ করেছে। সাংসদের কর্মসূচিতে হামলা চালিয়ে ভাঙচুর চালান ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা। এতে পুলিশের এক কর্মকর্তাসহ আটজন আহত হন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের নির্দলীয় সাংসদ রুস্তম আলী ফরাজীর এক সমর্থককে কুপিয়ে জখমের অভিযোগে করা মামলায় গত সোমবার সন্ধ্যায় সাফা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক মামুনুর রশিদকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা থানা ঘেরাও করলে পুলিশ ধানীসাফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিয়া মোহাম্মদ ফারুকের জিম্মায় মামুনুর রশিদকে ছেড়ে দেয়। রাত একটার দিকে মামুনুরকে আবার গ্রেপ্তার করে পুলিশ। এর প্রতিবাদে গতকাল সকালে সমাবেশ ডাকে ক্ষমতাসীন দলের কর্মীরা। অপর দিকে সাংসদ রুস্তম আলী ফরাজী স্থানীয় ডাকবাংলোয় সমাবেশ ডাকেন। সমাবেশ শেষে দুপুর সাড়ে ১২টার দিকে সাংসদ সংবাদ সম্মেলন করার সময় ছাত্রলীগ ও যুবলীগের মিছিল থেকে সেখানে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। মঠবাড়িয়া থানার উপপরিদর্শক আবদুর রহিমসহ সাংসদের সাত কর্মী আহত হন।
সংবাদ সম্মেলনে রুস্তম আলী ফরাজী অভিযোগ করেন, ১৫ জুলাই তাঁর উপস্থিতিতে তাঁরই সমর্থক সগির মল্লিককে কুপিয়ে হাতের রগ কেটে দেন ছাত্রলীগের নেতা মামুনুর রশিদ। এ ঘটনায় পুলিশ মামুনুরকে গ্রেপ্তার করে। এতে ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্ষিপ্ত হয়ে তাঁর ভাইয়ের ছেলে স্বপন ফরাজীকে মারধর করেন। গ্রেপ্তারের ঘটনা থানা-পুলিশের বিষয় হলেও ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা অহেতুক ডাকবাংলোয় হামলা করেছেন।
উপজেলা যুবলীগের আহ্বায়ক আজিজুল হক বলেন, ‘সাংসদের সঙ্গে আলোচনা করে রাতে মামুনুর রশিদকে ছেড়ে দেয় পুলিশ। এরপর সাংসদের নির্দেশে মামুনুরকে আবার গ্রেপ্তার করা হলে আমরা প্রতিবাদ সভা ও মিছিল করি। মিছিল থেকে কিছু বিক্ষুব্ধ নেতা-কর্মী সাংসদের সভাস্থলের চেয়ার ভাঙচুর করেছেন।’