সাংসদের বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা তুলে নিতে ‘প্রাণনাশের হুমকি’
সুনামগঞ্জ–১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেনের বড় ভাই ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মোশারফ হোসেনের বিরুদ্ধে মামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগে মামলা করে প্রাণনাশের হুমকিতে আছে বলে অভিযোগ তুলেছে একই উপজেলার একটি পরিবার। মামলাটি তুলে নিতে বিভিন্ন মাধ্যমে হুমকি পাচ্ছেন বলে জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে আজ শনিবার বিকেল চারটায় দিকে ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে পরিবারটির পক্ষে সংবাদ সম্মেলন করেন পারভীন আক্তার (৪৫) নামের এক গৃহিণী।
পারভীনের লিখিত বক্তব্য ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের পাইকুরাটি গ্রামের বাসিন্দা ওই গৃহিণীর স্বামী আবদুল গণির (৫২) সঙ্গে একই গ্রামের স্বপন মিয়ার (৩০) জমি ও পারিবারিক নানা বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তাঁদের মধ্যে যাতে অপ্রীতিকর ঘটনা ঘটে, সে জন্য কিছুদিন ধরে সাংসদ মোয়াজ্জেমের বড় ভাই মোশারফ নানাভাবে স্বপনকে উসকানি দিয়ে আসছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২৬ জানুয়ারি সকালে আবদুল গণি তাঁর বাড়ির সামনে বোরো জমি দেখতে যান। এ সময় স্বপন মিয়া তাঁকে জমিতে দেখতে পেয়ে গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। এ সময় সাংসদের বড় ভাই মোশারফ, তাঁর ছেলে তানভীর হাসানসহ ১০-১৫ জন লোক আবদুল গণিকে ধাওয়া দিয়ে বাড়িতে তোলেন। বাড়িঘরে হামলা চালান।
পারভীন বলেন, এ সময় স্বামীর পাশাপাশি তাঁকে ও তাঁর মেয়েকে মারধর করা হয়। একপর্যায়ে তাঁকে শ্লীলতাহানি করা হয়। হামলা ও ভাঙচুরের ঘটনায় তাঁদের প্রায় এক লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনায় ১ ফেব্রুয়ারি পারভীন বাদী হয়ে মোশারফসহ ১৩ জনকে আসামি করে ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেছেন।
ওই গৃহিণী বলেন, ‘মামলার পর থেকেই মোশারফ ক্ষিপ্ত হয়ে ওঠেন। দ্রুত মামলা তুলে না নিলে তিনি আমাদের এলাকাছাড়া করবেন, এমনকি প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এ অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুদৃষ্টি কামনা করছি।’
তবে অভিযোগ প্রত্যাখ্যান করেছেন সাংসদের ভাই ও উপজেলা আওয়ামী লীগের নেতা মোশারফ। প্রথম আলোকে তিনি বলেন, ‘আবদুল গণি ও স্বপন সম্পর্কে তাঁরা দুজন আপন মামা-ভাগনে। আমি স্বপনের কোনো পক্ষ নিইনি। আমাকে ও আমার ছেলেকে জড়িয়ে নাটক সাজিয়ে হয়রানি করার উদ্দেশ্যে আদালতে একটি মিথ্যা মামলা করা হয়েছে। এলাকায় সম্মানহানি করার উদ্দেশ্যে আমাদের জড়িয়ে এ ধরনের মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।’
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ চৌধুরী বলেন, মামলা তুলে না নিলে এলাকাছাড়া করা ও প্রাণনাশের হুমকির বিষয়টি কেউ তাঁকে জানাননি।