সাইকেল ঠিক করে আর বাড়ি ফেরা হলো না রাফির
স্কুলছাত্র মো. রাফি (১৩) বাইসাইকেল মেরামত করার জন্য বাড়ির কাছাকাছি একটি বাজারে যায়। মেরামতের পর ওই বাইসাইকেলে বাড়ির দিকে রওনা দেয়। বাড়ির কাছাকাছি পৌঁছাতেই পেছন থেকে একটি মালবাহী পিকআপ তার সাইকেলটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে সে সড়কে ছিটকে পড়ে মারা যায়। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরাবাজারসংলগ্ন বৈদ্যনাথপুর এলাকায় আজ রোববার দুপুর ১২টায় এ ঘটনা ঘটে।
পুলিশ, স্থানীয় ও পরিবার সূত্র জানায়, মো. রাফি উপজেলার গজরা ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামের বাসিন্দা। সে ওই গ্রামের মালয়েশিয়াপ্রবাসী মো. রফিক প্রধানের ছেলে। রাফি স্থানীয় ওটারচর উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। তার মৃত্যুর সংবাদ জানাজানি হলে স্বজন, সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় লোকজন বলেন, রাফি সাইকেল নিয়ে বৈদ্যনাথপুর এলাকা দিয়ে যাচ্ছিল। এ সময় একটি মালবাহী পিকআপ তার সাইকেলে ধাক্কা দেয়। পিকআপের ধাক্কায় সাইকেলসহ সে মাটিতে পড়ে যায়। এতে তার মাথা ফেটে যায় এবং বুক, পিঠসহ শরীরের বিভিন্ন অংশ জখম হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই সে মারা যায়।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পিকআপচালক বা পিকআপটিকে আটক করা যায়নি। এ ব্যাপারে এখনো থানায় কোনো মামলা হয়নি। মামলা হলে তদন্ত করে ব্যবস্থা নেবেন।