সাইকেলে ১০৫০ কিমি পাড়ি, বিজয়ের মাসে আনসারদের আরেকটি বিজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইকেল শোভাযাত্রার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান
ছবি: প্রথম আলো

১৯৭১ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছিল। বিজয়ের মাসে আনসার সদস্যদের ১ হাজার ৫০ কিলোমিটারের এ সাইকেল শোভাযাত্রা আনসারদের জন্য আরেকটি বিজয়। আনসার বাহিনী দেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করছে। বর্তমান সরকারও আনসার বাহিনীর উন্নয়নে নানা ধরনের কাজ করে যাচ্ছে।

আজ রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সাইকেল শোভাযাত্রার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এসব কথা বলেছেন।  

১ ডিসেম্বর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২৬ জন নারী ও পুরুষ খেলোয়াড় দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড় থেকে সাইকেল শোভাযাত্রা শুরু করেন। আজ বিকেলে কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে ১ হাজার ৫০ কিলোমিটারের এ সাইকেল শোভাযাত্রা শেষ হয়েছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রধান মেজর জেনারেল মিজানুর রহমান শামীম বলেন, মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণে দেশের সবাইকে উদ্বুদ্ধ করতে আনসার বাহিনী এ সাইকেল শোভাযাত্রার আয়োজন করেছিল।

সমাপনী অনুষ্ঠানে কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সাইক্লিং দলের প্রধান রায়হান উদ্দিন বলেন, পঞ্চগড় থেকে শুরু করে গত ১১ দিনে শোভাযাত্রাটি যশোর, গোপালগঞ্জ, কুমিল্লা, চট্টগ্রাম ঘুরে আজ বিকেলে কক্সবাজার সমুদ্রসৈকতে এসে পৌঁছায়। এ শোভাযাত্রার মাধ্যমে আনসার বাহিনী দেশের ক্রীড়াঙ্গনে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল।