সাঈদীর ছেলের কাছ থেকে সম্মাননা নেওয়ায় সমালোচনা
পিরোজপুরের জিয়ানগর উপজেলায় বিজয় দিবসের অনুষ্ঠানে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু সাজাপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান মাসুদ সাঈদীর কাছ থেকে মুক্তিযোদ্ধাদের সম্মাননা নেওয়ার ঘটনায় সমালোচনা শুরু হয়েছে। মুক্তিযোদ্ধাদের ও সাঈদীর মামলার রাষ্ট্রপক্ষের এক সাক্ষীকে দেওয়া সম্মাননার ছবি মাসুদ সাঈদী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের পাতায় তুলে দেওয়ার পর তা নিয়ে নিন্দার ঝড় ওঠে।
যুদ্ধাপরাধের দায়ে একজন সাজাপ্রাপ্ত ব্যক্তির ছেলের কাছ থেকে মুক্তিযোদ্ধাদের সম্মাননা নেওয়ার ঘটনায় ফেসবুকে অনেক ব্যক্তি ও শহীদ পরিবারের সন্তানেরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। এদিকে এ ঘটনার পর গতকাল সোমবার জিয়ানগর উপজেলার ইন্দুরকানি থানার ওসি এ কে এম মিজানুল হককে প্রত্যাহার করে পিরোজপুর পুলিশ লাইনে যুক্ত করা হয়েছে। পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন বলেন, প্রশাসনিক কারণে ইন্দুরকানি থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে পিরোজপুরের জিয়ানগর থেকে চেয়ারম্যান নির্বাচিত হন পিরোজপুর-১ আসনের সাবেক সাংসদ ও জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী। এরপর থেকে প্রতিবছর স্বাধীনতা ও বিজয় দিবসের অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকলেও কুচকাওয়াজ অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেননি। যদিও পরিপত্র অনুযায়ী স্বাধীনতা ও বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যানের জাতীয় পতাকা উত্তোলন করার বিধান রয়েছে।
এ বছর বিজয় দিবসের সকালে মাসুদসাঈদী শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দেন। এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে বের হওয়া শোভাযাত্রা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন তিনি। তবে তিনি এবারও পতাকা উত্তোলন করেননি। পতাকা উত্তোলন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন ও মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বেলায়েত হোসেন।
দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে মাসুদ সাঈদী ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে মুক্তিযোদ্ধারা সম্মাননা গ্রহণ করেন।
১৬ ডিসেম্বর মাসুদ সাঈদী তাঁর ফেসবুকের লাইক পেজে মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়ার ছবি পোস্ট করেন। তিনি ছবির স্ট্যাটাসে লিখেছেন ‘মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ জিয়ানগর উপজেলা কমান্ড কাউন্সিলের সকল বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পুরস্কার নিচ্ছেন মুক্তিযোদ্ধা সংসদের বর্তমান উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব বেলায়েত হোসেন, বর্তমান উপজেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার রায়, সাবেক কমান্ডার মাহবুবুল আলম হাওলাদার (আমার আব্বার মামলার বাদী ও প্রথম সাক্ষী), মুক্তিযোদ্ধা খলিলুর রহমান ও মুক্তিযোদ্ধা দেলোয়ার ফকির। উপস্থিত আছেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বাচ্চু, ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এম মতিউর রহমান, সেক্রেটারি মৃধা মো. মনিরুজ্জামানসহ মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ।’
এরপর এ নিয়ে নিন্দার ঝড় ওঠার পর মাসুদ সাঈদী লেখা সম্পাদনা করে মাহবুবুল আলম হাওলাদার নামের সঙ্গে বন্ধনী দিয়ে লেখা আমার আব্বার মামলার বাদী ও প্রথম সাক্ষী অংশটুকু মুছে ফেলেন। সাঈদীর ছেলের হাত থেকে সম্মাননা নেওয়ায় মুক্তিযোদ্ধাদেরও ভর্ৎসনা করেন অনেকে।
জানতে চাইলে মাসুদ সাঈদী প্রথম আলোকে বলেন, ‘আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে স্বাধীনতা ও বিজয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করে আসছি। তবে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা দেখানোর জন্য আমি পতাকা উত্তোলন না করে এ ভার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারের ওপর দিয়েছি। আমি মুক্তিযুদ্ধের বিরোধী কর্মকাণ্ডে কখনো জড়িত ছিলাম না। আমি এ দেশের স্বাধীনতাকে মেনে ও দেশের প্রতি শ্রদ্ধা জানাতে বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছি।’
মাহবুবুল আলম হাওলাদার বলেন, ‘আমাকে মাইকে পুরস্কার নেওয়ার জন্য মঞ্চের সামনে ডাকা হয়। এ সময় আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে সম্মাননা নেওয়ার সময় মাসুদ সাঈদী হঠাৎ উঠে দাঁড়িয়ে আমার পুরস্কারে হাত রাখেন।’ জিয়ানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেন, ‘আমরা উপজেলা প্রশাসনের আয়োজনে রাষ্ট্রীয় অনুষ্ঠানে গিয়েছি। সেখানে মাসুদ সাঈদী উপজেলা চেয়ারম্যান হিসেবে উপস্থিত হন।’
পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ এ কে এম এ আউয়াল বলেন, ‘১৬ ডিসেম্বর আমি দেশের বাইরে ছিলাম। দেশে এসে ঘটনাটি শুনেছি। তবে একজন যুদ্ধাপরাধীর ছেলের কাছে থেকে মুক্তিযোদ্ধাদের সম্মাননা নেওয়ার ঘটনা দুঃখজনক। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে এ ঘটনায় লজ্জিত।’