সাক্ষাৎকারে এসে ধরা পড়ল জালিয়াতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় সাক্ষাৎকার দিতে এসে লিখিত পরীক্ষায় জালিয়াতির ঘটনা ধরা পড়েছে। এ অভিযোগে ভর্তি-ইচ্ছুক ওই শিক্ষার্থীকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ভর্তি পরীক্ষার সাক্ষাৎকার চলাকালে এ ঘটনা ঘটে।

আটক ওই শিক্ষার্থীর নাম খলিলুর রহমান। তিনি যশোর সদর থানার তোফায়েল আহমদের ছেলে। আইন অনুষদের ভর্তি পরীক্ষার তিনি মেধাতালিকায় ১৬তম স্থান অধিকার করেছিলেন। ভর্তি পরীক্ষায় তাঁর রোল নম্বর ছিল ২০০৩২।

আইন অনুষদের ডিন অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ জানান, মঙ্গলবার দুপুরে মেধাতালিকায় থাকা শিক্ষার্থীদের ভর্তির জন্য সাক্ষাৎকার নেওয়া হচ্ছিল। সাক্ষাৎকারের সময় শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের নম্বরপত্র দেখা হয়। খলিলুর রহমান আইন অনুষদের ভর্তি পরীক্ষায় ইংরেজিতে সর্বোচ্চ নম্বর পেয়েছেন। কিন্তু তিনি মাধ্যমিক পরীক্ষায় ইংরেজি বিষয়ে ‘ডি’ পেয়েছেন। এটা দেখে শিক্ষকদের সন্দেহ হয়। তখন তাঁকে ইংরেজিতে কিছু লিখতে বলা হয়। লেখার পর শিক্ষকেরা তাঁর লেখার সঙ্গে উত্তরপত্রের লেখা মিলিয়ে দেখেন দুই লেখার মধ্যে কোনো মিল নেই। পরে তাঁকে আবার উত্তরপত্রের লেখা দেখে লিখতে বলা হয়। উত্তরপত্র দেখে লেখার পরও দেখা যায় দুই লেখার মধ্যে মিল নেই। এ সময় তাঁকে অমিলের কারণ জানতে চাইলে অসংলগ্ন কথা বলেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় শিক্ষকেরা তাঁকে প্রক্টর দপ্তরে হস্তান্তর করেন। 


বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ওই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে তাঁকে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে পুলিশে সোপর্দ করা হয়েছে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ অনুযায়ী এক শিক্ষার্থীকে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’