চট্টগ্রামে পুলিশের তালিকাভুক্ত দুই শীর্ষ সন্ত্রাসীর বিরুদ্ধে একটি অস্ত্র মামলায় তিন বছর ধরে জব্দ সাক্ষীদের (অস্ত্র জব্দ করার সময় থাকা সাক্ষী) হাজির করতে পারছে না পুলিশ। এসব সাক্ষীর ১২ জনই পুলিশ সদস্য।
ধার্য দিনে সাক্ষী হাজিরা নিশ্চিত করতে মামলার বিচারক অবশেষে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক ও নগর পুলিশ কমিশনারের কাছে চিঠি পাঠিয়েছেন। সেখানে বলা হয়েছে, সাক্ষী হাজির না হওয়ায় বিচার বিলম্বের পাশাপাশি ন্যায়বিচারেও বিঘ্ন ঘটছে।
অস্ত্র মামলায় অভিযুক্ত ব্যক্তিদের নাম সাজ্জাদ আলী খান ও বাইট্টা আলমগীর। এর মধ্যে সাজ্জাদ আলী খান ২০০০ সালে সংঘটিত চট্টগ্রামের চাঞ্চল্যকর আট ছাত্রলীগ নেতা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। ২০০১ সালে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে সাজ্জাদ ও বাইট্টা আলমগীরকে অস্ত্রসহ আটক করে। এ ঘটনায় তাঁদের অভিযুক্ত করে ২০০৮ সালের ১৩ সেপ্টেম্বর অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০১১ সালের ১৫ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। এ মামলায় দুজনই পরে জামিন পান। তবে ২০১২ সালে দুবাই থেকে ভারতে এসে গ্রেপ্তার হন সাজ্জাদ। তিনি এখন সে দেশের কারাগারে। অন্য আসামি বাইট্টা আলমগীর আছেন চট্টগ্রাম কারাগারে।
এই অস্ত্র মামলায় সাক্ষী রয়েছে ২৬ জন। এর মধ্যে পুলিশের সদস্য আছেন ১৪ জন। এ যাবৎ মাত্র আটজনের সাক্ষ্য নেওয়া হয়। এর মধ্যে ছয়জনই সাধারণ সাক্ষী। গত ১৯ অক্টোবর মামলায় সর্বশেষ ধার্য দিনে দুজন পুলিশ সদস্য সাক্ষ্য দেন। তবে এঁদের কেউই জব্দ সাক্ষী নন।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘অস্ত্র মামলায় জব্দ সাক্ষ্য ছাড়া আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ প্রমাণ করা কঠিন হয়ে পড়ে। সাক্ষীদের আদালতে হাজির করার দায়িত্ব পুলিশের। পুলিশ কেন সাক্ষী পুলিশ সদস্যদের হাজির করতে পারছে না তা রহস্যজনক। আর এভাবে চলতে থাকলে সাক্ষ্যের অভাবে আসামিরা খালাস পেতে পারেন এ মামলায়।’
চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরীর আদালতে মামলাটির বিচার চলছে। ধার্য দিনে সাক্ষী হাজির না হওয়ায় তাঁদের হাজির করতে গত ২০ অক্টোবর বিচারক স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক ও নগর পুলিশ কমিশনারের কাছে চিঠি পাঠান।
বিচারক ওই চিঠিতে উল্লেখ করেন, ‘সমন জারির পর সাক্ষীরা হাজির না হওয়ায় তাঁদের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। কিন্তু পুলিশ তাঁদের হাজির করতে পারছে না। এতে বিচারপ্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। ওই সাক্ষীরা জব্দ তালিকার গুরুত্বপূর্ণ সাক্ষী। ফৌজদারি মামলায় সাক্ষীদের হাজির করার দায়িত্ব পুলিশের।’
বিচারক চিঠিতে ২০১২ সাল থেকে চলতি বছরের অক্টোবর মাস পর্যন্ত মোট ১৭ বার এ মামলায় শুনানির তারিখ উল্লেখ করে বলেন, এসব ধার্য দিনে সাক্ষীদের হাজির করতে ব্যর্থ হয়েছে পুলিশ। সাক্ষীদের হাজির করতে রাষ্ট্রপক্ষও কোনো পদক্ষেপ নেয়নি। এতে বিচার বিলম্বের পাশাপাশি ন্যায়বিচারও বিঘ্নিত হচ্ছে।
মামলার নথিতে দেখা গেছে, হাজির না হওয়া সাক্ষী পুলিশ সদস্যরা হলেন উপপরিদর্শক রেজাউল করিম, ওবায়দুল হক, শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, মশিউর রহমান, উপসহকারী পরিদর্শক (এএসআই) আমিনুল হক, কনস্টেবল সেলিম সরদার, রফিকুল ইসলাম, জাহিদুল ইসলাম, দেলোয়ার হোসেন, আতাহার আলী ও শহিদুল ইসলাম। ঘটনার সময়ে এঁরা নগর ডিবি ও চান্দগাঁও থানায় কর্মরত ছিলেন। তাঁরা সবাই জব্দ তালিকার সাক্ষী।
জানতে চাইলে নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জানান, সাক্ষীদের হাজির করতে ব্যক্তিগতভাবেও যোগাযোগ করা হচ্ছে। গত ধার্য দিনে দুজনকে হাজিরা করা হয়েছিল। আশা করি, পরবর্তী ধার্য দিনে বাকিদের হাজির করা যাবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তিন বছর ধরে কেন হাজির করা যায়নি, তা জানি না।’