সাক্ষীকে দ্রুত আদালতে হাজির করার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে গতকাল শনিবার বিকেলে পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সভায় মামলা দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে সাক্ষীকে দ্রুত আদালতে হাজির করার জন্য পুলিশ ও আইনজীবীদের পরামর্শ দেওয়া হয়।
গতকাল শনিবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের সভাকক্ষে সম্মেলনে সভাপতিত্বে করেন মুখ্য বিচারিক হাকিম মো. বদরুল আলম ভূঞা।
সভা সূত্রে জানা যায়, এ সম্মেলন প্রতি মাসে হওয়ার কথা। কিন্তু সভা হয় সাধারণত তিন মাস পরপর। এ সভায় বিচারক, পুলিশ কর্মকর্তা ছাড়াও স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি, জ্যেষ্ঠ আইনজীবীরা উপস্থিত থাকেন। বিচার প্রক্রিয়ায় মামলার শুরু থেকে নিষ্পত্তি পর্যন্ত যেসব সমস্যা ও ত্রুটি-বিচ্যুতি হয়, তা নিয়ে সম্মেলনে আলোচনা হয়ে থাকে।
বেলা সাড়ে তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সম্মেলনে আলোচনায় অংশ নেন পুলিশ সুপার মো. জায়েদুল আলম, যুগ্ম জেলা জজ সৈয়দা হাফসা, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জ্যেষ্ঠ বিচারিক হাকিম জসিম উদ্দিন ও উমা রানী দাস, পিপি আবদুল মতিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অজয় চক্রবর্তী, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ। এ ছাড়া সভায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট, এপিপি ও জেলার ছয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পরিদর্শকসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।