বঙ্গোপসাগরে লঘুচাপ চলছে। এর প্রভাবে সাগর প্রচণ্ড উত্তাল। উত্তাল সাগরে গোসলে নামা নিষেধ এমন সতর্কবার্তা হিসেবে সৈকতের বিভিন্ন পয়েন্টে ওড়ানো হচ্ছে লাল নিশান। কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ নেই ভ্রমণে আসা পর্যটকদের। লোনা জলে শরীর-মন ভেজাতে তাঁরা ঝাঁপ দিচ্ছেন সাগরে।
আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সৈকতের লাবণী, সি-গাল, সুগন্ধা, কলাতলী পয়েন্টে অন্তত ১০ হাজার পর্যটক লোনা জলে শরীর ভিজিয়েছেন। বিকেলে এর সংখ্যা তিন থেকে চার গুণ হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা ধারণা করছেন। সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ পর্যটকদের উদ্ধার তৎপরতায় নিয়োজিত বেসরকারি সংস্থা সি সেফ লাইফগার্ড কর্মী, জেলা প্রশাসনের নিরাপত্তাকর্মী, ট্যুরিস্ট পুলিশ নানাভাবে চেষ্টা করেও পর্যটকদের সাগরের পানি থেকে তুলতে পারছেন না।
সি সেফ লাইফগার্ডের পরিচালক ইমতিয়াজ আহমেদ বলেন, সৈকতের কলাতলী থেকে ডায়াবেটিক হাসপাতাল পয়েন্ট পর্যন্ত চার কিলোমিটারে সকালে গোসলে নেমেছেন ১০ থেকে ১২ হাজার পর্যটক। বিকেলে এ সংখ্যা বেড়ে ২৫-৩০ হাজার হতে পারে। মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর, হিমছড়ি, ইনানী, পাটোয়ারটেক, টেকনাফ সৈকতেও কয়েক হাজার পর্যটক নেমেছে।
সুগন্ধা পয়েন্টে উদ্ধার তৎপরতায় নিয়োজিত সি-সেফ লাইফগার্ডের সুপারভাইজার মো. সাইফুল্লাহ সিফাত বলেন, সকাল থেকে তাঁরা ২৮ জন লাইফগার্ড কর্মী উত্তাল সাগরে না নামতে পর্যটকদের সতর্ক করছেন, কিন্তু কেউ তা আমলে নিচ্ছেন না। ঢেউয়ের আঘাতে সকালের দিকে ১০-১২ জন পর্যটক ভেসে যাওয়ার উপক্রম হয়েছিল, তাৎক্ষণিক তাঁদের উদ্ধার করে প্রাণে বাঁচানো গেছে।
সাগর প্রচণ্ড উত্তাল। ঢেউয়ের আঘাতে সকালের দিকে ১০-১২ জন পর্যটক ভেসে যাওয়ার উপক্রম হয়েছিল, তাৎক্ষণিক তাঁদের উদ্ধার করে প্রাণে বাঁচানো গেছে।
বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ সৈকত পরিদর্শনে আসেন। সুগন্ধা ও লাবণী পয়েন্টে তিনি বেশ কয়েকজন পর্যটকের সঙ্গে স্বাস্থ্যবিধি অনুসরণ নিয়ে কথা বলেন। উত্তাল সমুদ্রে জীবনের ঝুঁকি নিয়ে গোসলে না নামতে তিনি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করেন। জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, আজ থেকে পর্যটকদের জন্য সৈকত উন্মুক্ত করা হয়েছে। তবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সৈকতে নামতে হবে, বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব। স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না, তা তদারকির জন্য মাঠে তৎপর একাধিক ভ্রাম্যমাণ আদালত ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
১৪০ দিন পর সৈকতে, কে মানে বাধা
করোনা সংক্রমণ রোধে গত ১ এপ্রিল থেকে সৈকতে পর্যটকের সমাগম নিষিদ্ধ করে জেলা প্রশাসন। এরপর থেকে টানা সাড়ে চার মাস সৈকত ফাঁকা ছিল। আজ সকাল থেকে পর্যটকদের জন্য সৈকত উন্মুক্ত করা হয়। একই সঙ্গে বন্ধ থাকা টেকনাফ, সেন্ট মার্টিন, রামু, চকরিয়া, মহেশখালীসহ জেলার সব বিনোদনকেন্দ্র খুলে দেওয়া হয়েছে। ভ্রমণে আসা পর্যটকদের সেবায় আগেই প্রস্তুত রাখা হয় শহরের পাঁচ শতাধিক হোটেল, মোটেল, গেস্টহাউস, কটেজ এবং তিন শতাধিক রেস্তোরাঁ।
ফেডারেশন অব ট্যুরিজম ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার বলেন, হোটেল-মোটেলগুলোতে এখন প্রায় ৮০ হাজার পর্যটক অবস্থান করছেন। কিন্তু সাগর উত্তাল ও ভারী বৃষ্টিপাতের কারণে অনেকে হোটেল থেকে বের হতে পারছেন না। স্বাস্থ্যবিধি মেনে হোটেলের ৫০ শতাংশ কক্ষ খালি রেখে ব্যবসা চলছে। আগামী ১০ দিনে সৈকতে আরও পাঁচ-ছয় লাখ পর্যটকের সমাগম ঘটতে পারে।
পর্যটকদের ঢল নামার বিষয়ে আবুল কাশেম সিকদার বলেন, এত দিন কঠোর বিধিনিষেধে মানুষ ঘরে আটকে ছিলেন। এখন বিধিনিষেধ নেই, সবাই চাইছে পরিবার-পরিজন নিয়ে নির্জন সৈকত ঘুরতে, শরীর–মন ভালো রাখতে। তা ছাড়া মানুষের অবস্থা বিবেচনা করে কক্ষভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ কমিয়ে বিশেষ প্যাকেজ দিয়েছে হোটেল, মোটেল ও গেস্টহাউস মালিকপক্ষ। আর এ সুযোগ হাতছাড়া করছেন না পর্যটকেরা।
সকাল ৯টায় সৈকতের সুগন্ধা পয়েন্টে দেখা গেছে, উত্তাল সাগরে নেমে দৌড়ঝাঁপ দিচ্ছেন কয়েক শ পর্যটক। বালুচরে দাঁড়িয়ে তাঁদের উঠে আসার তাগিদ দিচ্ছেন লাইফগার্ড কর্মী ও ট্যুরিস্ট পুলিশের সদস্যরা। বড় বড় ঢেউয়ের ধাক্কায় ভেসে পর্যটকেরা একবার তীরের দিকে, আবার গভীর সাগরের দিকে আসা-যাওয়া করছেন। আর তাতেই আনন্দ তাঁদের। গোসলে নামা পর্যটকদের অধিকাংশের মুখে মাস্ক নেই।
রাজধানীর আগারগাঁও এলাকা থেকে ভ্রমণে আসা ব্যবসায়ী আলমগীর সুমন (৪৫) সুগন্ধা পয়েন্টে গোসলে নামেন সকাল ১০টায়। এক ঘণ্টায়ও তিনি ওঠেননি। গাড়ির টায়ারে ভেসে তিনি বারবার গভীর সাগরের দিকে চলে যাচ্ছিলেন। লাইফগার্ডের কর্মীরা বারবার তাঁকে তীরে ফিরে আসার তাগাদা দিচ্ছিলেন। কিন্তু তিনি তা অমলে নিচ্ছেন না। বেলা সোয়া ১১টার দিকে তিনি পানি থেকে উঠে এসে লাইফগার্ড কর্মীকে ধমকের সুরে বলেন, ‘কক্সবাজার এসেছি লোনা জলে শরীর–মন ভেজাতে। এত বাঁশি বাজানোর দরকার কী, সাঁতার তো জানা আছে।’
পাশের সি-গাল ও লাবণী পয়েন্টেও নিষেধাজ্ঞা অমান্য করে গোসলে মত্ত হাজারো পর্যটক। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান বলেন, বিপুলসংখ্যক মানুষকে সামাল দিতে হিমশিম খাচ্ছে পুলিশ। তাঁরা স্বাস্থ্যবিধি বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
বিপুলসংখ্যক পর্যটকের আগমনে খুশি হোটেলের কর্মচারীরাও। পর্যটকদের ভ্রমণে উৎসাহিত করতে পাঁচ শতাধিক হোটেল সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত কক্ষভাড়ায় ছাড় দিচ্ছে জানিয়ে কক্সবাজার হোটেল গেস্টহাউস অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক করিম উল্লাহ বলেন, এসব হোটেলে দৈনিক দেড় লাখ মানুষের রাত যাপনের ব্যবস্থা আছে। ইতিমধ্যে ৭০-৮০ হাজার পর্যটকের সাড়া পাওয়ায় হোটেল মালিকসহ লাখো কর্মজীবী মানুষ খুশি। কারণ, এত দিন তাঁরা পরিবার-পরিজন নিয়ে অর্থকষ্টে অমানবিক জীবন যাপন করছিলেন।
কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, করোনার গত সাড়ে চার মাসে হোটেল-মোটেল-রেস্তোরাঁসহ পর্যটন খাতসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যবসায়িক ক্ষতি হয়েছে প্রায় দেড় হাজার কোটি টাকা। এখন ব্যবসা-বাণিজ্য চালুর মাধ্যমে সেই ক্ষতি পুষিয়ে আনার চেষ্টা করছেন ব্যবসায়ীরা।