সাগর উপকূলে ফেটে গেল ট্রলারের তলা, উদ্ধার পেলেন ১৭ জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রলারডুবি
প্রতীকী ছবি

বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলের নাজিরারটেক চ্যানেলে মাছ ধরার একটি ট্রলারডুবির ঘটনায় সাগরে ভাসমান অবস্থায় ১৭ জেলেকে উদ্ধার করেছেন অন্য ট্রলারের জেলেরা।

গতকাল শুক্রবার বিকেলে নাজিরারটেক চ্যানেলে পৌঁছালে কোনো একটা বস্তুর সঙ্গে ধাক্কা লেগে তলা ফেটে ট্রলারটি ডুবে যায়।

বিষয়টি নিশ্চিত করে ট্রলারটির মালিক জয়নাল আবেদীন জানান, ট্রলারটি জাল ফেলে মাছ ধরতে সাগরে যাচ্ছিল। পথে নাজিরারটেক চ্যানেলে কোনো একটা বস্তুর সঙ্গে ধাক্কা লেগে ট্রলারের তলা ফেটে যায়। একপর্যায়ে পানি ঢুকে ট্রলারটি ডুবে যায়। এ সময় ওই ট্রলারে থাকা জেলেরা পানিতে ভাসতে থাকেন। চিৎকার শুনে সেখানে থাকা অন্য ট্রলারের জেলেরা প্রথমে ১০ জনকে এবং রাত সাড়ে ৯টার দিকে অপর ৭ জনকে উদ্ধার করেন।

ট্রলারটির মাঝি রফিকুল ইসলাম বলেন, দুই সপ্তাহের জন্য গভীর সাগরে মাছ ধরতে যাচ্ছিলেন তাঁরা। নাজিরারটেক চ্যানেলে পৌঁছানোর পর কোনো একটা বস্তুর সঙ্গে ট্রলারটির জোরে ধাক্কা লাগে। এরপর পানি ঢুকে ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।