সাগরে ইলিশ নেই কেন, গবেষণা দরকার

ভরা মৌসুমেও বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে ইলিশের দেখা মিলছে না। এতে হতাশ জেলার ছয় হাজার ট্রলারের মালিক ও লাখের বেশি জেলে। ইলিশ রপ্তানির সময়সীমা ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হলেও দেখা দিয়েছে অনিশ্চয়তা। বিপাকে পড়েছেন ইলিশ ব্যবসায়ীরা। ইলিশ আহরণ, বিপণন, সরবরাহ ও রপ্তানি বিষয়ে প্রথম আলো কথা বলে কক্সবাজারের ইলিশ রপ্তানিকারক ও মাছ ব্যবসায়ী জয়নাল আবেদীনের সঙ্গে। তিনি কক্সবাজার মৎস্য ব্যবসায়ী ঐক্য সমবায় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়নাল আবেদীন
ছবি: সংগৃহীত

প্রশ্ন :

প্রথম আলো: ইলিশের ব্যবসা কেমন হচ্ছে?

জয়নাল আবেদীন: সাগরের কোথাও ইলিশের নাগাল পাচ্ছেন না জেলেরা। ব্যবসাও খারাপ যাচ্ছে। ৩০ নভেম্বর পর্যন্ত সরকার ভারতে ইলিশ রপ্তানির সুযোগ দিয়েছে ব্যবসায়ীদের। কিন্তু ব্যবসা হচ্ছে না। ইলিশ নেই দেশের কোথাও। গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত টানা ৬৫ দিন সাগরে ইলিশ আহরণ বন্ধ ছিল। এ কারণে ইলিশের প্রজনন ও আকৃতি বেড়েছে কয়েক গুণ। গত ৫ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ বন্ধ ছিল। এ সময় মা ইলিশ ডিম দিতে আসে উপকূলে। জেলেদের ধারণা ছিল, এরপর সাগরে বিপুল ইলিশ ধরা পড়বে। ২৬ অক্টোবর থেকে কক্সবাজারের ৬ হাজার ট্রলার সাগরের ৯০ কিলোমিটার, ১০০ কিলোমিটার দূরে জাল ফেলেও ইলিশ পাচ্ছে না। সাত-আট দিন সাগরে জাল ফেলে এক একটি ট্রলার পাচ্ছে ২০ থেকে ৫০টি করে ইলিশ। স্থানীয় চাহিদা পূরণ করে কক্সবাজার থেকেই অন্তত ২০ টন ইলিশ ভারতে রপ্তানির কথা ছিল।

প্রশ্ন :

প্রথম আলো: সাগরে ইলিশ নেই কেন?

জয়নাল আবেদীন: মৎস্য বিশেষজ্ঞরা একেক সময় একেক কথা বলেন। প্রথমে বললেন, ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হলে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে। এখন ইলিশ ধরা পড়ছে না দেখে তাঁরা বলছেন, সাগরে এখন চলছে মরা কাটাল। এ সময় নাকি ইলিশ পাওয়া যায় না। ১৫ দিন পর ভরা কাটাল শুরু হলে নাকি ইলিশ ধরা পড়বে। আসলে সাগরে কেন ইলিশ ধরা পড়ছে না, তা অভিজ্ঞ জেলেরাও বুঝতে পারছেন না। খুলনা, সুন্দরবন, বরিশাল অঞ্চলেও ইলিশ নেই। অথচ গত বছর ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে বিপুল ইলিশ ধরা পড়েছিল। এখন সাগরে কেন ইলিশ নেই, গবেষণা দরকার।

প্রশ্ন :

প্রথম আলো: তাহলে এবার ইলিশ রপ্তানি হচ্ছে না?

জয়নাল আবেদীন: ইলিশ না থাকলে রপ্তানি হবে কোথা থেকে? গত আগস্ট-সেপ্টেম্বর মাসে টেকনাফ, সেন্ট মার্টিন উপকূলে বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়েছিল। তখন আমরা কক্সবাজার থেকে প্রতিদিন গড়ে ২০ হাজার কেজি ইলিশ ভারতে রপ্তানি করেছি, টানা ১৭-১৮ দিন পাঠিয়েছি। ভারতে ইলিশের চাহিদাও অনেক। আগস্ট ও সেপ্টেম্বর মাসে টেকনাফ ও সেন্ট মার্টিন উপকূলে ধরা পড়া ইলিশ আমরা কক্সবাজার থেকে দৈনিক ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বগুড়া, ফরিদপুর ও সিলেট সরবরাহ করেছি। গড়ে ১২টি ট্রাকে বোঝাই করে ৬০-৭০ মেট্রিক টন ইলিশ দিয়েছি। এবার যে কম ইলিশ ধরা পড়ছে, এই ইলিশ কীভাবে রপ্তানি সম্ভব?

প্রশ্ন :

প্রথম আলো: সাগরে জাল ফেললেই ধরা পড়ে ইলিশ। সাগরে ইলিশের পোনাও ছাড়তে হয় না, বিনিয়োগও লাগে না। তবুও ইলিশের কেজি ৯০০ থেকে ১২০০ টাকা কেন? দাম নির্ধারণ করেন কীভাবে?

জয়নাল আবেদীন: ইলিশের দামদর আমরা ঠিক করি না। ঢাকা থেকেই ইলিশের দর নিয়ন্ত্রিত হয়। কক্সবাজার থেকে যেমন ঢাকায় ইলিশ সরবরাহ করা হয়; তেমনি বরিশাল, পটুয়াখালী, মহিপুর, ঝালকাঠি থেকেও ইলিশ আসে। চাহিদা যখন থাকে তখন ইলিশের দাম বাড়ে, চাহিদা কমে গেলে দামও কিছুটা কমে। এখন ঢাকার বাজারে এক কেজি ওজনের একটি ইলিশের দাম ১২০০ থেকে ১৩০০ টাকা। আমরা কক্সবাজারে কিনছি ১০০০ থেকে ১২০০ টাকায়। কক্সবাজার থেকে এক কেজি ইলিশ ঢাকায় পাঠাতে পরিবহন, বরফ, শ্রমিকসহ ৪৫ টাকা খরচ হয়। ঢাকার বাইরে পাঠালে যোগ হয় আরও ২০-২৫ টাকা। আমরা শতকোটি টাকা বিনিয়োগ করেও প্রতি কেজি মাছের বিপরীতে ১০-২০ টাকার বেশি লাভ করতে পারি না। আবার বরফসংকটে কিংবা যানজটে আটকা পড়লে ট্রাকবোঝাই মাছ নষ্ট হয়ে যায়। তখন ক্ষতির পরিমাণ বেড়ে যায়।

সাগরে মাছ ধরতেও বিপুল বিনিয়োগ লাগে। একটি ট্রলার তৈরিতে খরচ এক কোটি থেকে দেড় কোটি টাকা। একটি ট্রলার যখন এক সপ্তাহের জন্য সাগরে মাছ ধরতে নামে, তখন জ্বালানি, বরফ, খাবারসহ গড়ে চার লাখ টাকা খরচ হয়। প্রতিটি ট্রলারে জেলেশ্রমিক থাকেন ২০-২৫ জন। মাছ ধরতে যাওয়ার আগে প্রতি জেলেকে অগ্রিম হিসাবে তিন থেকে চার হাজার টাকা করে দিতে হয়। জালে মাছ ধরা না পড়লে লোকসান গুনতে হয়। মৎস্য বিভাগের তথ্যমতে, গত বছর কক্সবাজার জেলায় ইলিশ আহরণ হয়েছিল ১৭ হাজার মেট্রিক টন। এবার অর্ধেক হয় কি না সন্দেহ আছে।