সেন্ট মার্টিনের অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় জাহাজের ধাক্কায় ‘এফভি বন্ধন’ নামের একটি বিশেষায়িত মাছ ধরার ট্রলার ডুবে গেছে। গত বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনায় ট্রলারের ২৯ জন কর্মকর্তা ও নাবিকের মধ্যে ২৬ জন নিখোঁজ রয়েছেন। বাকি তিনজনের মধ্যে মো. নাছির নামের এক নাবিকের লাশ এবং মো. লাভলু ও সজীব হোসাইন নামের দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ডুবে যাওয়া ট্রলার এফভি বন্ধন বেঙ্গল ফিশারিজ লিমিটেডের মালিকানাধীন। এটি চট্টগ্রামের এ কে খান গ্রুপ এবং জাপানের মারুহা নিচরো কোম্পানির যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান। ট্রলারটিতে চিংড়ি মাছ শিকার, প্রক্রিয়াজাত ও সংরক্ষণের ব্যবস্থা রয়েছে।
বেঙ্গল ফিশারিজের সহকারী ব্যবস্থাপক (পরিচালন) কাজী কামরুল আমিন বলেন, ১৯ নভেম্বর কয়েকজন কর্মকর্তা, নাবিকসহ মোট ২৯ জনকে নিয়ে ট্রলারটি সাগরে রওনা হয়। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম বন্দর থেকে সিঙ্গাপুরমুখী বসুন্ধরা-৮ নামের একটি জাহাজের ধাক্কায় ট্রলারটি উল্টে ডুবে যায়। ট্রলার থেকে সতর্কসংকেত দিলেও জাহাজটি মানেনি।
নৌবাহিনীর একাধিক সূত্র জানায়, দুর্ঘটনার পর নৌবাহিনীর কর্মকর্তারা বসুন্ধরা-৮ জাহাজটির কিছু ছবি তুলে রাখেন। এরপর জাহাজটি গন্তব্যে রওনা হয়। তবে বসুন্ধরা গ্রুপ থেকে দাবি করা হয়েছে, তাদের জাহাজ কোনো ট্রলারকে ধাক্কা দেয়নি।
নৌবাহিনীর কর্মকর্তা লে. কমান্ডার ইকরাম বলেন, ঘটনাস্থলে নৌবাহিনীর মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট তল্লাশি চালাচ্ছে। এ ছাড়া নৌবাহিনীর জাহাজ সমুদ্রজয়, অতন্দ্র ও অদম্য উদ্ধার অভিযানে রয়েছে। অদম্য জাহাজে ডুবুরি দল রয়েছে।
কোস্টগার্ডের কর্মকর্তা লে. এম আশিকুর রহমান বলেন, টেকনাফ ও উখিয়ার ইনানী বরাবর গভীর সাগরে এবং সেন্ট মার্টিন থেকে ৩০ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে দুর্ঘটনা ঘটে। কোস্টগার্ডের দুটি হাইস্পিড বোট উদ্ধার অভিযানে রয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে ডুবে যাওয়া ট্রলারের নাবিক ও কর্মকর্তাদের স্বজনেরা গতকাল শুক্রবার সকালে ভিড় করেন কর্ণফুলী নদীর এ কে খান ঘাটে। সেখানে ট্রলারের বাবুর্চি মোখলেস খানের ভাই বাবুল খান ভাইয়ের ভোটার আইডি কার্ড হাতে নিয়ে কাঁদছিলেন। বাবুল খান প্রথম আলোকে জানান, ‘ভাইয়ের ভাগ্যে কী ঘটেছে জানি না। দুর্ঘটনার খবর শুনে বাবা, মা ও ভাবী অসুস্থ হয়ে পড়েছেন।’
আরেক নাবিক হরি জলদাশের স্বজনেরাও খবর শুনে আসেন এ কে খান ঘাটে। হরি জলদাশের ছেলে অপূর্ব জলদাশ চিৎকার করে বলছিলেন, ‘আমার বাবাকে চাই। আমার বাবাকে এনে দাও।’
সাগরে যাওয়ার আগে ট্রলারের কর্মকর্তা ও নাবিকদের তালিকা জমা দেওয়া হয় নৌ বাণিজ্য অধিদপ্তরে। ওই তালিকা অনুযায়ী জাহাজের পাঁচজন কর্মকর্তা হলেন মাহবুবুল হক মজুমদার, ওয়াই এ খন্দকার, মো. সাহাব উদ্দিন, ইব্রাহিম খলিল ও আকতার হোসেন। তবে এর মধ্যে মাহবুবুল হক মজুমদার যাননি। তাঁর পরিবর্তে মোক্তাদের মাওলা জসীম ট্রলারটিতে ছিলেন বলে জানা যায়।
এ ছাড়া তালিকায় ২৪ জন নাবিকের নাম পাওয়া গেছে। এঁরা হলেন নুরুল ইসলাম-১, মোখলেস খান, মো. ইলিয়াস-১, ইসমাইল মিয়া, বেলায়েত হোসেন-১, আবদুস সাত্তার, হাবিব উল্লাহ কায়সার। হরি জলদাস, মিখাইল হোসেন, বাদল জলদাস, রণজিৎ দাস, মো. রহিম, আবদুল কাসেম, মো. রোকন, মো. জাহিদ হাসান, মো. ইলিয়াস-২, ফোরকান মিয়া, জামাল মিয়া, মো. মনির হোসেন, নীরব, জসিম, নাসির ও ইউসুফ। এঁদের মধ্যে মো. লাভলু ও সজীব হোছাইন নামের দুজনকে উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার হওয়া দুজনকে ট্রলারে করে চট্টগ্রামে আনা হচ্ছে। তালিকায় কারও নাম পরিবর্তন হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
দুর্ঘটনার পর বন্দর ও পতেঙ্গা থানায় সাধারণ ডায়েরি করেছে বেঙ্গল ফিশারিজ লিমিটেড। এ ঘটনায় নৌ বাণিজ্য অধিদপ্তর তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। অধিদপ্তরের ইঞ্জিনিয়ার ও শিপ সার্ভেয়ার এ এফ এম সিরাজুল ইসলামকে প্রধান করে গঠিত কমিটিকে পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা বলা হয়েছে।