সাগরে জেলেরা হত্যার শিকার হলে কোনো থানা মামলা নিতে চায় না

দক্ষিণ বঙ্গোপসাগরে তিন বছর ধরে জলদস্যুদের তৎপরতা ছিল না। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যদের অভিযানের মুখে এসব দস্যু কোণঠাসা হয়ে ২০১৮ সালে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। গত ১৬ নভেম্বর সাগরে দস্যুদের গুলিতে মো. মুসা মুসল্লি নামের পাথরঘাটার এক জেলে নিহত হন। এরপর এক সপ্তাহে জলদস্যুরা বেশ কয়েকটি ট্রলার থেকে অন্তত ৭ জেলেকে অপহরণ ও মাছ ধরার ২০টি ট্রলারের জাল, মাছ ও জ্বালানি লুট করে। এতে নতুন করে উপকূলের সমুদ্রগামী জেলেদের মধ্যে আতঙ্ক শুরু হয়। জেলেদের বর্তমান অবস্থা নিয়ে প্রথম আলো কথা বলেছে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মাসুদ আকনের সঙ্গে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন :

প্রথম আলো: সম্প্রতি জলদস্যু বাহিনীর তৎপরতার পর জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে...

মাসুদ আকন: সম্প্রতি জলদস্যু বাহিনীর গুলিতে মুসা মুসল্লি নামের এক জেলে নিহত হওয়ার পর জেলেরা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। জেলে পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা বেড়ে যায়। এতে সাগরে মাছ ধরতে যাওয়া একপ্রকার বন্ধ করে দেন জেলেরা। এ সময় র‍্যাব-৮ সাগরে অভিযান চলমান রেখে আমাদের আশ্বস্ত করে। সাগরে এখন আর দস্যু বাহিনীর তৎপরতা নেই। এর মধ্যে দস্যু বাহিনীর কয়েকজন গ্রেপ্তার ও তিনজন জলদস্যু র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। জেলেদের মধ্যে সাময়িক আস্থা ফিরেছে।

প্রশ্ন :

প্রথম আলো: সমুদ্রগামী জেলেদের নিরাপত্তায় টেকসই কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন?

মাসুদ আকন: সমুদ্রগামী জেলেদের নিরাপত্তার জন্য সুন্দরবনসহ আশপাশের এলাকায় র‍্যাবের ছয়টি ঘাঁটি স্থাপনের প্রস্তাব ছিল আমাদের। সেই প্রস্তাব বাস্তবায়ন করা গেলে নিরাপত্তা জোরদার হবে। আর দুর্যোগে বঙ্গোপসাগরে জেলেসহ ট্রলার নিখোঁজ ও ডুবির ঘটনায় ওই জেলে ও ট্রলার উদ্ধারের জন্য বিশেষ ব্যবস্থায় সি-প্লেন ও উদ্ধারযান দিতে হবে।

প্রশ্ন :

প্রথম আলো: সাগরে সংঘটিত অপরাধের জন্য দেশের কোনো থানায় মামলা করা যায় না—এমন একটি অভিযোগ রয়েছে। আপনাদের বক্তব্য কী?

মাসুদ আকন: জলদস্যুদের দস্যুপনার ঘটনায় বাংলাদেশের কোনো থানায় মামলা করা যায় না। মামলা করতে গেলে পুলিশ এলাকাটি তাদের আওতাভুক্ত নয়—এমন অজুহাতে মামলা নেয় না। এমনকি থানায় সাধারণ ডায়েরি (জিডি) পর্যন্ত করা যায় না। এসব অপরাধের ঘটনায় থানা কর্তৃপক্ষ উদ্যোগ নিয়ে মামলা নিলে এবং সরকারি কোনো সংস্থা এর তদন্ত করলে সেই উদ্যোগ ফলপ্রসূ হবে।

প্রশ্ন :

প্রথম আলো: জলদস্যুর গুলিতে সাগরে জেলে নিহত হলে জেলে পরিবার বা ওই ট্রলারমালিক কোনো জটিলতায় পড়েন?

মাসুদ আকন: প্রথম কথা হলো সাগরে হত্যা বা লুণ্ঠনের ঘটনায় প্রচলিত আইনে কোনো থানায় মামলা করা যায় না। সম্প্রতি জলদস্যুর গুলিতে পাথরঘাটার মুসা মুসল্লি নামের এক জেলে নিহত হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চাওয়া হয়। কিন্তু তারা সহযোগিতার নামে কালক্ষেপণ করলে মুসা মুসল্লির লাশ ৮ ঘণ্টা পাথরঘাটায় ট্রলারে রাখতে বাধ্য হই। পরবর্তী সময়ে স্থানীয় সাংসদের সহায়তায় লাশের ময়নাতদন্ত এবং পাথরঘাটা থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা হয়। কিন্তু আগে কখনো এমন মামলা করা যায়নি। এ কারণে এসব হত্যাকাণ্ডের কোনা বিচার পায়নি ভুক্তভোগী জেলে পরিবারগুলো।

প্রশ্ন :

প্রথম আলো: সাগরে অপরাধের ঘটনায় মামলা ও রায়ের উদাহরণ আছে?

মাসুদ আকন: বেশ কয়েক বছর আগে পাথরঘাটার জেলে রিপন খান জলদস্যুদের গুলিতে নিহত হলে ওই ঘটনায় আমরা মামলা করার চেষ্টা করেছি। কিন্তু শরণখোলা ও পাথরঘাটা থানা মামলা নেয়নি। তবে দু-একটি ঘটনায় শরণখোলা থানায় মামলা রয়েছে। ওই মামলার কী অবস্থা, তা কোনো দিন জানা হয়নি। এ ছাড়া সম্প্রতি জলদস্যুর গুলিতে নিহত হওয়ার ঘটনায় পাথরঘাটা থানায় একটি মামলা হয়েছে। কিন্তু মামলার রায়ের কোনো ঘটনা আমাদের জানা নেই।

প্রশ্ন :

প্রথম আলো: সাগরে ঝড়ে কিংবা দুর্ঘটনায় মৃত্যুবরণ করলে, নিখোঁজ হলে সরকারিভাবে ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করা যায় না। এ কারণে এসব গরিব পরিবার সরকারি কোনো সুযোগ-সুবিধা পায় না। এ ক্ষেত্রে করণীয় কী?

মাসুদ আকন: এটা যুগ যুগ ধরে একটি বড় সমস্যা। বঙ্গোপসাগরে বড় বড় ঝড়ে শত শত জেলে যুগ যুগ ধরে নিখোঁজ। তাঁরা আর ফিরে আসেননি। এটা নিশ্চিত, তাঁরা আর বেঁচে নেই। কিন্তু সরকারি আইনের বাধ্যবাধকতায় এসব জেলেকে মৃত ঘোষণা করা যাচ্ছে না। এ কারণে এসব জেলে পরিবার সরকারি অনুদান-সাহায্য কিছুই পায় না। এর সঙ্গে মানবাধিকারের প্রশ্ন জড়িত। সরকারের উচিত নির্দিষ্ট একটি সময়সীমার পর তাঁদের মৃত ঘোষণা করার বিধান রেখে আইনটি সংশোধন করা।