সাগরে ট্রলারডুবির ঘটনায় আরও এক রোহিঙ্গা শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর
ফাইল ছবি

নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় আরও এক রোহিঙ্গা শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম ইমাম হোসেন (১১)। শুক্রবার জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ভাসানচরের দক্ষিণ-পূর্ব দিকের ৩ নম্বর খালের পাশ থেকে প্রায় চার কিলোমিটার দূরে মেঘনা নদীর চর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান পরিচালনা করে পুলিশ, এপিবিএন ও কোস্টগার্ড। এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় এ পর্যন্ত ১৩ জনের লাশ উদ্ধার হলো। এ ঘটনায় এখনো ১৪ জন নিখোঁজ আছেন।

পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার হওয়া ইমাম হোসেন ভাসানচর আশ্রয়ন প্রকল্পের ৬১ নম্বর ক্লাস্টারের এফ/১৯ নম্বর কক্ষে পরিবারের সঙ্গে বসবাস করত। তার বাবার নাম ফজল আহম্মেদ। সুরতহাল প্রতিবেদন শেষে লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত ১৩ আগস্ট রাতে কাঠের তৈরি একটি মাছ ধরার ট্রলারে করে ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন নারী-শিশুসহ বিভিন্ন বয়সের ৪২ জন রোহিঙ্গা। ওই দিন রাত দেড়টার দিকে ট্রলারটি ভাসানচর থেকে প্রায় ১৫-২০ কিলোমিটার পূর্ব দিকে চট্টগ্রামের সীমানার কাছাকাছি বঙ্গোপসাগরে ঝাড়ের কবলে পড়ে ডুবে যায়।