সাগরে ট্রলারডুবির ঘটনায় আরও পাঁচ রোহিঙ্গার লাশ উদ্ধার, নিখোঁজ আরও ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর
ফাইল ছবি

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় ট্রলারডুবির ঘটনায় আরও পাঁচটি লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা একটার দিকে নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল চট্টগ্রাম সীমানার কাছে বঙ্গোপসাগর থেকে লাশগুলো উদ্ধার করে। তবে সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাশগুলো ভাসানচরে এসে পৌঁছায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ক্যাম্প ইনচার্জ সহকারী কমিশনার শামীমা আক্তার জাহান। আজ সন্ধ্যা পৌনে ছয়টার দিকে প্রথম আলোকে তিনি বলেন, তিনি কিছুক্ষণ আগেই বিষয়টি জেনেছেন। তাঁকে ভাসানচর থানার ওসি লাশ উদ্ধার হওয়ার কথা জানিয়েছেন। তবে বিস্তারিত কিছু তিনি এখনো জানাননি। এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় ৯ জনের লাশ উদ্ধার হলো বলে জানান এই কর্মকর্তা।

গত শুক্রবার রাতে কাঠের তৈরি একটি মাছ ধরার ট্রলারে ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় রাত দেড়টার দিকে সাগরে ঝাড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।

পরে একই বিষয়ে জানতে চাইলে ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, বেলা একটার দিকে নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরিরা চট্টগ্রামের সীমানায় যে স্থানে ট্রলারডুবি হয়েছিল, তার আশপাশের এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি লাশ উদ্ধার করেন। তবে তাঁরা লাশগুলো নিয়ে এখনো ভাসানচর পৌঁছাননি। তাই লাশগুলোর নাম-পরিচয় সম্পর্কে তাঁরা এখনো কিছু জানেন না।

গত শুক্রবার রাতে কাঠের তৈরি একটি মাছ ধরার ট্রলারে ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় রাত দেড়টার দিকে ভাসানচর থেকে আনুমানিক ১৫-২০ কিলোমিটার পূর্ব দিকে চট্টগ্রামের সীমানার কাছাকাছি বঙ্গোপসাগরে ঝাড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এ ঘটনার পর নারী-পুরুষসহ ১৫ জনকে সাগরে মাছ ধরতে যাওয়া জেলেরা উদ্ধার করলেও বাকি ১৬ জন নিখোঁজ ছিলেন। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে মঙ্গলবার দুপুর পর্যন্ত মোট ৯ জনের লাশ উদ্ধার করা হলো। সে হিসাবে এখনো সাতজন নিখোঁজ রয়েছেন।