সাগরে তলিয়ে যাওয়ার দুই দিন পর ভেসে উঠল তরুণের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

চট্টগ্রামের বাঁশখালীতে সাগরে তলিয়ে যাওয়ার দুই দিন পর ভেসে উঠল মো. নেজামের (১৯) লাশ। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার সময় বাঁশখালী উপকূলের ছনুয়া ইউনিয়নের ছনুয়া ঘটের দক্ষিণে লাশটি পাওয়া যায়।

মৃত নেজাম ছনুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তাহের মিয়ার ছেলে। স্থানীয় বদর আলমের নৌকায় জেলের কাজ করতে গিয়ে গত বুধবার বেলা পৌনে একটায় তিনি নিখোঁজ হন।

এলাকার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার দুপুরে সাগরে ভাসমান একটি মাছ ধরার নৌকা কূলের কাছাকাছি আনার জন্য ছনুয়া ঘাট এলাকায় সাঁতার কাটতে যান নেজাম। কয়েক মিনিটের মধ্যে তিনি পানিতে তলিয়ে যান। নেজামের খোঁজে স্থানীয় লোকজনের পাশাপাশি, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালান। তবে দুই দিনেও খোঁজ মেলেনি তাঁর। আজ সকাল সাড়ে ১০টার দিকে লাশ ভেসে ওঠে নেজামের। সেটি উদ্ধার করে তুলে আনেন স্থানীয় লোকজন।

নেজামের চাচাতো ভাই জমির বিন হাসান মুঠোফোনে বলেন, ‘নিখোঁজের দুই দিন পর নেজামের লাশ ভেসে উঠেছে। আমরা সেটি উদ্ধার করেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়ে দুপুরে তাঁর লাশ দাফন করা হয়েছে।’

ইউএনও সাইদুজ্জামান চৌধুরী বলেন, নেজামের পরিবারকে সরকারি সহায়তা দেওয়ার উদ্যোগে নেওয়া হবে।