সাগরে ভাসছে পুরোনো জাহাজের বর্জ্য তেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ফেরিঘাট এলাকায় সাগরতীরের অন্তত তিন কিলোমিটার জুড়ে কালো তেল ভাসছে। উপকূলের ওই এলাকায় বেশ কয়েকটি জাহাজভাঙার কারখানা রয়েছে। এসব কারখানা থেকে সাগরে পুরোনো জাহাজের বর্জ্য তেল ছড়িয়ে পড়েছে বলে জানান জেলেরা।

গতকাল শনিবার বিকেলে নৌকায় করে কুমিরা ঘাট এলাকায় কথা হয় স্থানীয় জেলে সুরঞ্জন দাশের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, দুদিন ধরে সাগরে তেল ভাসতে দেখছেন তাঁরা। কালো তেল তাঁদের মাছ ধরার জাল ও দড়িতে লেপ্টে গেছে।

যতন দাশ নামের আরেক জেলে বলেন, প্রায় সময় এই এলাকায় বর্জ্য তেল ভাসতে দেখা যায়। তেলের কারণে সাগরে মাছ কমে গেছে।

সাগরে তেল ভেসে থাকার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম ভুইয়া প্রথম আলোকে বলেন, তিনি বিষয়টি জানেন না। এরপরও বিষয়টি পরিবেশ অধিদপ্তর, কোস্টগার্ডকে তদন্ত করে দেখার জন্য বলবেন বলে জানান তিনি।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রামের উপপরিচালক জমির উদ্দীন বলেন, সাগরে বর্জ্য তেল ছড়িয়ে পড়ার বিষয়টি তাঁরও জানা নেই। বিষয়টি তদন্ত করে যে জাহাজভাঙা কারখানা থেকে বর্জ্য বেরিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।