সাগরের ভাঙনের কবলে কুয়াকাটার ‘পর্যটন পার্ক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাগরের ভাঙনের কবলে কুয়াকাটার ‘পর্যটন পার্ক’।
ছবি: প্রথম আলো

পটুয়াখালীর কুয়াকাটা পর্যটনকেন্দ্রের ‘পর্যটন পার্ক’ সাগরের ভাঙনের কবলে পড়েছে। মুজিব শতবর্ষ উপলক্ষে ২০২০ সালের ১০ মার্চ পটুয়াখালীর তৎকালীন জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তবে এখন পর্যন্ত জনসাধারণের ব্যবহারের জন্য তা চালু করা যায়নি। এরই মধ্যে পার্কটি পড়ল ভাঙনের কবলে।

কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টের পূর্ব দিকে নারকেলবাগানের মধ্যে খালি জায়গায় পার্কটি স্থাপন করা হয়েছে। পার্কটির দৈর্ঘ্য ১৬০ ফুট ও প্রস্থ ১২০ ফুট। এটি নির্মাণে ব্যয় হয় ১ কোটি টাকা। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অর্থায়নে পার্কটি নির্মিত হয়। ২০১৮ সালের ১ জানুয়ারি পার্কের নির্মাণকাজ শুরু হয়েছিল।

গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, সাগরের প্রবল ঢেউয়ে পার্কের তীরভূমি ভাঙনের কবলে পড়েছে। ১০-১৫ ফুট জায়গা ভেঙে সাগরে বিলীন হয়ে গেছে। পার্কের দক্ষিণ দিক ঘেঁষা বেশ কিছু গাছও উপড়ে পড়েছে।

স্থানীয় বেশ কয়েকজন জানালেন, গত বছর ভাঙনের হাত থেকে পার্ক রক্ষায় পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ও জিও টিউব ফেলেছিল। ভেঙে সেসবও বিলীন হয়ে গেছে।
পর্যটন পার্কে বসেই সমুদ্রের অপার সৌন্দর্য, সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ করা যায়। এখানে পর্যটকদের সুবিধার জন্য লকারের ব্যবস্থা রাখা হয়েছে। পর্যটকেরা সাগরে গোসল করতে নামার আগে এসব লকারে পাদুকা, মুঠোফোন, টাকা-পয়সাসহ প্রয়োজনীয় সবকিছু তালাবদ্ধ করে রাখতে পারবেন। এমন অন্তত ২০০ লকার আছে।

নারী-পুরুষের জন্য আধুনিক সুবিধাসংবলিত আলাদা গোসলখানা, টয়লেট ও বিশ্রামাগার রয়েছে। পার্কের ভেতরে হাঁটার জন্য আছে বিশাল খোলা জায়গা।
কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মোতালেব শরীফ বলেন, সাগরে গোসলের আগে কিংবা পরে পর্যটকদের বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এটি চালু হলে তা লাঘব হবে। দুঃখের বিষয় হলো, এটি চালু হতে না হতেই নতুন করে ভাঙনের কবলে পড়েছে।

পার্কের ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানালেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কুয়াকাটা সৈকত ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক।

কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হালিম সালেহী প্রথম আলোকে বলেন, সাগরের ঢেউয়ের আঘাত থেকে কুয়াকাটা সৈকত রক্ষা; সৈকত–ঘেঁষা মসজিদ-মন্দির, পর্যটন পার্কসহ বিভিন্ন স্থাপনা জরুরি মেরামতের জন্য ৩৫ লাখ টাকা ব্যয় করা হবে। কুয়াকাটা সৈকতসহ পুরো পর্যটন এলাকাকে সাগরের ভাঙনের তীব্রতা থেকে স্থায়ীভাবে রক্ষার জন্য সমুদ্রের দিকে পৌনে ১২ কিলোমিটার দীর্ঘ একটি গ্রোয়েন বাঁধ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।