সাঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল পঞ্চম শ্রেণির ছাত্রের
গাইবান্ধার সাঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিরব বাবু (১১) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের কালপানি গ্রামের রিকশাভ্যানের চালক জহুরুল ইসলামের ছেলে। নিরব কালপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
গতকাল শনিবার বিকেলে ওই বিদ্যালয়ের টিনের চালে উঠলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিরব গতকাল বিকেলে বিদ্যালয় ছুটির পর মাঠে খেলাধুলা করছিল। একপর্যায়ে সে শ্রেণিকক্ষের টিনের চালে ওঠে। সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিরবের বাবা জহুরুল ইসলাম বলেন, শ্রেণিকক্ষের টিনের চাল বিদ্যুতায়িত হয়ে ছিল। তাঁর ছেলে চালে উঠতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়। বিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলার কারণে তাঁর ছেলের মৃত্যু হয়েছে।
জানতে চাইলে বিদ্যালয়ের অফিস সহায়ক নিলু মিয়া বলেন, বিকেল চারটায় বিদ্যালয় ছুটি হয়। এরপর শ্রেণিকক্ষ বন্ধ করে তিনি বাড়ি যান। পরে কী হয়েছে তিনি তা জানেন না।
অবহেলার অভিযোগ অস্বীকার করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল বাকি। মুঠোফোনে তিনি বলেন, বিদ্যালয় চলাকালে সব ঠিকঠাক ছিল। ছুটির পর কীভাবে ঘটনাটি ঘটেছে, তাঁর জানা নেই।
আজ রোববার বিকেলে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান মুঠোফোনে বলেন, কেউ অভিযোগ দেননি। তবে এ ঘটনায় থানায় অস্বাভাবিক মৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। ওসি আরও বলেন, শ্রেণিকক্ষের টিনের চাল শর্ট সার্কিটে বিদ্যুতায়িত হয়ে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।