সাটুরিয়ায় আওয়ামী লীগের ১০ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ আওয়ামী লীগ

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হওয়ায় মানিকগঞ্জের সাটুরিয়ার ১০ জনকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন ও সাধারণ সম্পাদক আবদুস সালাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

আবদুস সালাম বলেন, সাটুরিয়ার ছয় ইউপিতে দলের নির্দেশনা অমান্য করে দলীয় পদে থেকে যাঁরা ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তাঁদের সবাইকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগেও সিঙ্গাইর ও সদর উপজেলায় ইউপি নির্বাচনে ১৯ জনকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় পদে থেকে যাঁরা নৌকার বিরুদ্ধে অন্য প্রার্থীর পক্ষে কাজ করছেন, তাঁদের সতর্ক করা হয়েছে।

বহিষ্কার হওয়া আওয়ামী লীগের নেতারা হলেন—বরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা মো. মোশারফ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আবদুল হাই, দিঘুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ টি এম আবদুল জলিল, একই ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. মতিউর রহমান, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক মো. আবদুর গফুর, উপজেলা কৃষক লীগের সভাপতি মো. লিয়াকত হোসেন, পুটাইল তিল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. আবদুল লতিফ, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান, বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সোহেল আহমেদ চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আনিসুর রহমান চৌধুরী।

বহিষ্কার হওয়া পুটাইল তিল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবদুল লতিফ বলেন, তিনি বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবেসে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করে আসছেন। ইউনিয়নবাসীর চাপেই তিনি নির্বাচন করছেন। সুষ্ঠু নির্বাচন হলে বিপুল ভোটে বিজয়ী হওয়ার ব্যাপারে তিনি আশাবাদী।