সাটুরিয়ায় নৌকাডুবি, যুবক নিখোঁজ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার আকাশী বিলে নৌকা ডুবে এক যুবক নিখোঁজ হয়েছেন। আজ রোববার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ওই যুবকের নাম সিরাজ মিয়া (২৮)। তিনি দৌলতপুর উপজেলার কাকরাইদ গ্রামের আবদুল বারেকের ছেলে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিলে অনুসন্ধান চালালেও তাঁর খোঁজ পায়নি।
পাটুরিয়া ফায়ার সার্ভিস এবং স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা আড়াইটার দিকে সাটুরিয়ার তিল্লী ইউনিয়নের আকাশী এলাকা থেকে নৌকায় সিরাজ মিয়া কাকরাইদ গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। ওই নৌকায় তিনিসহ চারজন ছিলেন। কিছু দূর যাওয়ার পর আকাশী বিলে নৌকাটি ডুবে যায়। এ সময় তিনজন সাঁতরে তীরে উঠলেও সিরাজ নিখোঁজ হন। খবর পেয়ে বিকেল চারটার দিকে শিবালয়ের পাটুরিয়া ফায়াস সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়।
নৌকাডুবিতে এক যুবকের নিখোঁজ থাকার ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটুরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মজিবর রহমান বলেন, তাঁরা সন্ধ্যা সাতটায় তাঁদের অভিযান শেষ করেন। তবে ওই সময় পর্যন্ত নিখোঁজ ওই যুবকের সন্ধান পাওয়া যায়নি।